সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুনের ঘটনায় গ্রেপ্তার ২
শুক্রবার গভীর রাতে প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়।
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের ফটকে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিসিটিভি ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।
গ্রেপ্তাররা হলেন- বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। দুজন দাড়িয়াপাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়। পরে সিসিটিভি ভিডিও বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপ-কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। রোববার তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়।
