বরিশালে গাঁজার পুঁটলি দিয়ে ভিডিও করে কিশোরকে ‘ব্ল্যাকমেইল’, গ্রেপ্তার ৮
ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে টাকা দাবি করা হয়।
বরিশালে এক কিশোরের হাতে গাঁজার পুঁটলি দিয়ে ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং অপহৃত কিশোরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তারদের মধ্যে কিশোর গ্যাংয়ের তিন সদস্য, হানিট্র্যাপ চক্রের তিন সদস্য এবং চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত দুজন রয়েছেন।
ওসি বলেন, ২ অক্টোবর সন্ধ্যায় নগরীর রূপাতলী গাউছিয়া সড়কে বাসার সামনে বের হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেদোয়ান হোসেন রুমান। এ সময় মেহেদি, প্রিয়াঙ্কা ও সাকিবুল কৌশলে তাকে ডেকে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তার হাতে দুটি গাঁজার পুঁটলি দিয়ে ভিডিও করা হয়। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে টাকা দাবি করা হয়।
ওসি বলেন, ভয়ে রুমান বিষয়টি পরিবারের কাছে গোপন রাখেন। পরে বাসা থেকে সাত হাজার টাকা, দুটি সোনার আংটি, দুই জোড়া সোনার দুল ও দুটি সোনার টানা এনে তাদের দেন।
২৯ অক্টোবর রুমান নগরীর ভাটারখাল ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হন। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটিখানা বাজার এলাকা থেকে কিশোর গ্যাং ও হানিট্র্যাপ চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং রুমানকে উদ্ধার করে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির ২৭ হাজার টাকা, দুটি মোবাইল, দুটি সোনার টানা ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় রুমানের মায়ের করা মামলায় গ্রেপ্তার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
