এক ম্যাচ পরই ছিটকে গেলেন নতুন অধিনায়ক
আঙুলের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন নাহিদা আক্তার, তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি।
পরাজয়ে অধিনায়কত্বের অধ্যায় শুরুর ম্যাচে আরও বড় ধাক্কা খেলেন নাহিদা আক্তার। আঙুলের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি।
ওমানের আজমাইনে বৃহস্পতিবার আইসিসি উইমেন'স ইমার্জিং নেশন্স ট্রফির প্রথম ম্যাচে ডান হাতের তর্জনীতে আঘাত পান নাহিদা। পাকিস্তানের শাওয়াল জুলফিকারের শটে পাওয়া ওই চোটে বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে যান অভিজ্ঞ স্পিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসের সঙ্গে আলাপে দলের সঙ্গে থাকা বিসিবি নারী ক্রিকেট বিভাগের ম্যানেজার বুলবুল বাশার জানিয়েছেন, কোনো বদলি খেলোয়াড় ডাকা হবে না দেশ থেকে।
"পাকিস্তান ম্যাচে আঙুলে চোট পান নাহিদা। ব্যথার তীব্রতার কারণে একটি এক্স-রে করানো হলে, সেখানে আঙুলের ওপরের দিকের হাড়ে একটি চিড় ধরা পড়ে। প্লাস্টার করতে হবে না। তবে বিশ্রামে থাকতে হবে। তাই এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে সোবহানা দায়িত্ব পালন করবেন।
“নাহিদার কোনো বদলি খেলোয়াড় নেওয়া হবে না। কারণ টুর্নামেন্টে সব দল ১৪ জনের স্কোয়াড নিয়ে এসেছে। আমরা একজন বাড়তি এনেছি। আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হলো, ওই ১৪ জনের মধ্যে বাঁহাতি স্পিনার (সানজিদা আক্তার) মেঘলা আছে। তাই সমস্যা হবে না।”
নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার নাহিদাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে অনায়াস জয় পায় বাংলাদেশ। তার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে ৪ ওভারে ২৬ রান খরচ করে উইকেটশূন্য থাকেন সানজিদা।
এছাড়া ভারপ্রাপ্ত দায়িত্বে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ষষ্ঠ অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছে সোবহানার।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে চতুর্থ ডেলিভারি করার সময় আঙুলে চোট পান নাহিদা। তখন মাঠ ছেড়ে উঠে গেলেও পরে ফিরে আসেন। এরপর আরও দুই ওভার বোলিং করেন ২৬ বছর বয়সী স্পিনার।
তবে ম্যাচ শেষে ব্যথার তীব্রতা বাড়তে থাকলে করানো হয় পরবর্তী পরীক্ষানিরীক্ষা। সেখানেই আসে তার জন্য বড় দুঃসংবাদ।
আজমাইনে আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
