পাকিস্তান ম্যাচে সাদকে ‘মিস’ করবেন ডুলি
দলে যারা আছে, তারা সাদ উদ্দিনের অভাব পুরণ করবে, আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ।
দুই ম্যাচে ‘ক্লিনশিট’ নিয়ে সেমি-ফাইনালে ওঠা বাংলাদেশের এবারের প্রতিপক্ষ পাকিস্তান। যারা হেরে গেলেও ভারতের জালে দুই গোল করে, পরে মালদ্বীপকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে। বাংলাদেশের রক্ষণকে সেরা চারের লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে। চোটের জন্য সাদ উদ্দিনের ছিটকে যাওয়া তাই দুর্ভাবনার কারণ টমাস ডুলির জন্য। নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের অভাব অনুভব করছেন তিনি। তবে, আশাবাদী বাকিরা পূরণ করে দেবে সাদ উদ্দিনের শূন্যতা।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত সাড়ে ৮টায়, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তান আজও ফাইনালেই খেলতে পারেনি। বাংলাদেশ নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল ২০০৩ সালে।
২৩ বছর আগের স্মৃতি ফেরানোর শেষ ধাপে পৌঁছাতে হলে পাকিস্তান বাধা আগে পেরুতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কা ম্যাচে একিলিস টেন্ডনের চোট পেয়ে লম্বা সময়ের জন্য সাদ উদ্দিনের ছিটকে যাওয়াতে দলের রক্ষণ স্বাভাবিকভাবেই দুর্বল হয়েছে কিছুটা।
রাইট ব্যাক পজিশনে অবশ্য যথেষ্ঠ বিকল্প আছে ডুলির হাতে। সাদ উদ্দিনের ভাই তাজ উদ্দিন ও রহমত মিয়া এই পজিশনে খেলেন। ভুটান ম্যাচে নাম্বার নাইন পজিশনে খেলা বিশ্বনাথ ঘোষও মূলত রাইট ব্যাক। বাংলাদেশ কোচের বিশ্বাস সাদের দায়িত্ব যার কাঁধে উঠবে, সে ভালোভাবেই টেনে নেবে।
“অবশ্যই সাদের না থাকাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সে এমন একজন খেলোয়াড়, যে মাঠে নামলে, এমনকি অনুশীলনেও নিজের শতভাগ দিয়ে থাকে। রক্ষণে ডান দিকে সে খুবই শক্তিশালী একজন ডিফেন্ডার। একই সঙ্গে আক্রমণাত্মক মানসিকতার, রক্ষণ সামলাতেও দক্ষ এবং বেশ কঠিন প্রতিপক্ষ। আগামীকাল তাকে আমরা মিস করব।
“তবে তার জায়গায় অন্য একজনকে দিয়ে সেই ঘাটতি পূরণ করতে হবে। আমরা ভাবছি, কে তার জায়গায় খেলবে? তবে আমি নিশ্চিত, যে-ই সুযোগ পাক না কেন, সেও সাদের মতোই পারফর্ম করবে এবং দলকে সফল হতে সাহায্য করবে।”
