১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘আরও শক্তিশালী হয়ে ফিরব’, বার্তা সাদ উদ্দিনের

চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া এই ডিফেন্ডার সাফ চ্যাম্পিয়নশিপে দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

‘আরও শক্তিশালী হয়ে ফিরব’, বার্তা সাদ উদ্দিনের

শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন সাদ উদ্দিন। ছবি: সাদ উদ্দিনের ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 07:09 PM

Updated : 12 Nov 2026, 07:09 PM

চোটে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে খেলার আশা শেষ। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সাদ উদ্দিন, তাও নিশ্চিত করে বলা কঠিন। স্বাভাবিকভাবেই খুব হতাশ এই ডিফেন্ডার। তবে, সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় জানিয়েছেন সাদ উদ্দিন।

শ্রীলঙ্কাকে বুধবার ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান সাদ উদ্দিন। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর, তাকে নেওয়া হয় হাসপাতালে। বৃহস্পতিবার জামাল ভূঁইয়া জানালেন, একিলিস টেন্ডনে চোট পেয়েছেন সাদ উদ্দিন, তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে বছর খানেক।

ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার তারা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তানের। ২০০৩ সালের পর সাফের দ্বিতীয় শিরোপা জিততে বাংলাদেশ আর দুই সিঁড়ি দূরে। নিজে খেলতে না পারলেও ফেইসবুক পোস্টে দলের জন্য শুভকামনা জানিয়েছেন সাদ উদ্দিন।

“যারা খোঁজ নিয়েছেন এবং পাশে থেকে সমর্থন জানিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। দুঃখজনকভাবে, গতকালের ম্যাচে পাওয়া চোটের কারণে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের বাকি অংশে আর খেলতে পারছি না। আমার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আমি কথা দিচ্ছি, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।

“দলের জন্য অনেক অনেক শুভকামনা। গ্যালারি থেকে ওদের জন্য গর্জনটা জারি রাখুন!”