ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন পচেত্তিনো
ছাঁটাই হওয়া মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ।
কদিন যে চর্চা চলছিল, সেটা সত্যি প্রমাণ করে যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন মাওরিসও পচেত্তিনো।
যুক্তরাষ্ট্র ও ইউনাইটেড পৃথকভাবে এই ঘোষণা দিয়েছে। প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলে থাকা দলের দায়িত্ব নিতে ইংলিশ ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন কোচ।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, কনক্যাকাফ নেশন্স লিগে আসন্ন কোয়ার্টার-ফাইনালে হাইতির বিপক্ষে দলের ডাগআউটে থাকবেন পচেত্তিনো। এরপর ইউনাইটেডে যোগ দেবেন তিনি।
এক বিবৃবিতেত প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর ক্লাবের দায়িত্ব নেবেন পচেত্তিনো। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ২০২৯ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকার চুক্তি করেছেন তিনি।
দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ পাবেন পচেত্তিনো। আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড।
কঠিন সময়ে ওল্ড ট্র্যাফোর্ডে যাচ্ছেন পচেত্তিনো। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে এক জয়ে কেবল ৮ পয়েন্ট পেয়েছে ইউনাইটেড। তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের চেয়ে কেবল ১ পয়েন্টে এগিয়ে থেকে আছে ১৮ নম্বরে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের কেবল তিনটিতে জিতেছে ইউনাইটেড। চার দশকের মধ্যে লিগে নিজেদের সবচেয়ে বাজে শুরু পেয়েছে তারা।
অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ ড্র ও বোর্নমাউথের বিপক্ষে ৩-০ ব্যবধানের হারে ক্লাব কর্তাদের আস্থা হারান মাইকেল ক্যারিক। তার ছাঁটাইয়ের পর ফের ক্লাব ফুটবলে ফিরলেন পচেত্তিনো।
২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন তিনি। শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেয় তার দল। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার। ব্রিটিশ গণমাধ্যমের দাবির, সেটার ইতি টেনে আগেভাগে নতুন ঠিকানায় খুঁজে নেওয়ায় ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে ১ কোটি ডলার দিতে হবে ইউনাইটেডের।
এস্পানিওল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন পচেত্তিনো। ২০০৩ সালে যোগ দেন সাউথ্যাম্পটনে। সেখান থেকে গিয়ে বদলে দেন টটেনহ্যাম হটস্পারকে। দলকে নিয়মিত সেরা চারে রাখেন তিনি। ২০১৯ সালে দলকে নিয়ে যান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
এরপর পিএসজি ও চেলসিকে কোচিং করান পচেত্তিনো। এবার তিনি নিলেন সবসময়ই আলোচনায় থাকা ইউনাইটেডকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ।
