প্রাণিসম্পদ সপ্তাহ ও মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আট ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং তিনদিনের প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে তিনি এ আয়োজন উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি অনুষ্ঠানস্থলে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীরও উদ্বোধন করেছেন।”
এবারের মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
এবারের মেলায় ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।
রাজধানীতে কেন্দ্রীয় মেলার পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবীর খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাহজামান খান।
