০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বিএনপির শোভাযাত্রা উদ্বোধন করবেন তারেক রহমান

সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রা শুরু হবে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 06:47 PM

Updated : 06 Nov 2026, 06:47 PM

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতিমধ্যে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মানের কাজ চলছে; যেখান থেকে প্রধানমন্ত্রী এই শোভাযাত্রার উদ্বোধন করবেন।

কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “৭ নভেম্বর সারা বাংলাদেশের অধিকাংশ জেলা ও মহানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই র‌্যালির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পরেই এই শোভাযাত্রা শুরু হবে বলেও তথ্য দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “র‌্যালিটি নয়া পল্টন থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, ফার্মগেইট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

“র‌্যালির আগে সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।”

ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির বাইরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি করবে বলেও জানান রিজভী।

শনিবারর শোভাযাত্রা সফল করতে বিএনপি মহানগর উত্তর, দক্ষিণ এবং অঙ্গ সংগঠনগুলো কাজ করছে বলেও জানান ভারপ্রাপ্ত মহাসসচিব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ইতিমধ্যে বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।