সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দেশের সম্মান ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি কর্মী লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি তুলে দেন তিনি।
একই অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, “এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা দেওয়ার জন্য অনেক চক্রান্ত হচ্ছে।
“প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ একটা ফুটেছে, একটা ফুটেনি। সারাদেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ভারত থেকে বসে ইঙ্গিত দেওয়া হচ্ছে, মদদ দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “আস্তে আস্তে এরা ধরা পড়ছে। এরা বসে নেই, কারণ এদের তো অনেক টাকা! বাংলাদেশ ব্যাংকের টাকা ওদের কাছে, সোনালী ব্যাংকের টাকা ওদের কাছে, বেসিক ব্যাংকের টাকা ওদের কাছে, পদ্মাসেতুর টাকা ওদের কাছে, মেট্রোরেলের টাকা ওদের কাছে, টাকার কোনো শেষ নেই!
“আপনারা দেখেছেন, ভারতের কলকাতায় বসে সাবেক এক মন্ত্রী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে। তার খবরও আমরা সংবাদপত্রে পাই। দেশের মধ্যে যারা আছেন, তারা অনেক কোটি টাকা নিয়ে বসে আছেন। এই টাকা খরচ করছেন দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টি করার জন্য।”
মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অসামঞ্জস্যপূর্ণ আচরণের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এই দেশের একজন বরণ্য ব্যক্তি, যিনি দেশের সুনাম অর্জন করে নিয়ে এসেছেন নোবেল প্রাইজ পেয়ে-তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করেছে ওই পরাজিত... ওই পরাজিত ফ্যাসিবাদের দোসররা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে।”
রিজভী বলেন, “এই ঘটনায় দেশের সম্মান কি বৃদ্ধি পেয়েছে? গোটা পৃথিবীর দেশ, বিভিন্ন দেশ এবং মানুষ, আন্তর্জাতিক সম্প্রদায় যাকে সম্মান করে, তাকে আপনারা অসম্মান করছেন বিদেশের মাটিতে! তাকে হেয় করছেন! এটা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ ভালোমতো নেয়নি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিমসহ দলের অন্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
