এআই, যোগ্য সিইও— যেসব দরকারে ১৪০০ কোটি টাকা চায় সুপার স্পেশালাইজড হাসপাতাল
হাসপাতালের সব কিছু মূল্যায়নের কাজ করছে বুয়েটের পাঁচটি বিভাগের সমন্বয়ে গড়া একটি দল; এতে খরচ পড়ছে ‘পাঁচ কোটি টাকার একটু বেশি’।
উদ্বোধনের চার বছরে পুরোদমে সেবায় আসতে পারেনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল। এর মধ্যে আগামী জানুয়ারি থেকে পুরোপুরি চালু করতে ১ হাজার ৪১০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নতুন করে অর্থ চাওয়ার ব্যাখ্যায় হাসপাতালের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মূলত সংস্কার আর পরিচালন ব্যয়ের কথা সামনে এনেছেন।
হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা একজন বলেন, এই টাকা আসবে কি না, তা এখনও নিশ্চিন নয়।
তার ভাষায়, ‘‘আমরা চেয়েছি, আর সরকার বরাদ্দ দিয়ে দেবে এমন নয়। বরং যতটা চাওয়া হয়, তার অনেক কম পাওয়া যায়। তাই কিছুটা বাড়িয়ে বলা হয়েছে। তবে হাসপাতাল পুরোপুরি চালুর জন্য অনেক টাকা আসলেই প্রয়োজন।’’
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘‘হাসপাতালের সব কিছু যাচাই, মূল্যায়নের জন্য বুয়েটের পাঁচটি বিভাগের সমন্বয়ে একটি টিম কাজ করছে। যারা এ কাজের জন্য ৭ কোটির টাকার বেশি চেয়েছিল। পরে তাদের উপাচার্যের সঙ্গে দীর্ঘ আলোচনা করে পাঁচ কোটির একটু বেশি টাকায় এই কাজ সম্পন্ন হচ্ছে। তারা পুরো হাসপাতালের সব কিছু মূল্যায়নে এক মাস সময় চেয়েছে।’’
গত সোমবার স্বাস্থ্যমন্ত্রীর কাছে বরাদ্দের যৌক্তিকতার তথ্য সম্বলিত আবেদন হস্তান্তর করেছে ‘করপোরেট মডেলের’ এই হাসপাতালের কর্তকর্তারা।
প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানটিতে বিএমইউর মালিকানা ৯০ শতাংশ; আর সরকারের ১০ শতাংশ।
যেসব কারণে বিশাল অর্থ চাওয়া হয়েছে
৭৫০ শয্যার এই হাসপাতালে সংস্কার, কর্মীদের বেতন, চিকিৎসা সরঞ্জাম পরিবর্তনসহ অন্যান্য ব্যয় মেটাতে মূলত ‘থোক’ বরাদ্দ হিসেবে টাকা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের সংস্কার, চিকিৎসা সরঞ্জাম পরিবর্তন এবং চিকিৎসকদের বেতন-ভাতায় মূল খরচ হবে বলে জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল পরিচালনার একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘‘এই হাসপাতাল যে ধরনের হওয়ার কথা, তাতে আউটডোর ও লবিসহ সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে নিচের তলা, লবি, সপ্তম ও অষ্টম তলায় এ ব্যবস্থা নেই। সেটি করতে হবে। পুরো হাসপাতালের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার প্রয়োজন।’’
তিনি বলেন, ‘‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যাগুলো খুবই ছোট, সেগুলো পরিবর্তন করতে হবে। এসব শয্যার মধ্যে অন্তত ৭ থেকে ৮ ফিট দূরত্ব রাখতে হয়। বর্তমানে যেটা ৪ ফিটের মতো আছে। হাসপাতালজুড়ে টেলিফোন লাইন ঠিক নেই। কোম্পিউটার নেটওয়ার্ক তৈরি এবং নিরাপত্তার কাজ আছে।
‘‘বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মেশিনগুলো আগের মডেলের। এর মধ্যে এমআরআই মেশিন আরও ১০ বছর আগের। এসব মেশিনে কৃত্রিম বৃদ্ধিমত্তার কার্যক্রম নেই, এসব প্রয়োজন।’’
প্রধান নির্বাহনী কর্মকর্তা ও কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘‘আমরা একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজছি। যোগ্যসম্পন্ন একজনকে পাওয়া গেছে, যিনি বর্তমানে ৩০ লাখ টাকা স্যালারি পান। তাকে নিয়ে আসতে অবশ্যই আমাদের আরও বেশি টাকা অফার করতে হবে।
‘‘এছাড়া বিভিন্ন অফিসার পদের জন্য ৫০ হাজার বেতন নির্ধারণ করা হয়েছে। আর বিভিন্ন বিষয়ে সিনিয়র কনসালটেন্টদের জন্য ৩ লাখ থেকে ১০ টাকা টাকার ভেতরে নিয়োগের পরিকল্পনা রয়েছে।’’
তিনি বলেন, ‘‘সব নিয়োগ হচ্ছে চুক্তি ভিত্তিক, যারা আগামী দুই বছর কাজ করবেন। তারপর আমরা বিভিন্ন বিভাগে তাদের কাজ এবং আয় মূল্যায়ন করব। তাদের কাজে কোম্পানির আয় না হলে তেমন কার্যক্রম পরিচালনা করা হবে না।’’
সব নিয়োগের পর ‘হেড-হান্টিং’ হবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘‘প্রয়োজনীয় জনবল নিয়োগের পর আমরা বিভিন্ন বিষয়ের প্রধান বা শীর্ষ ব্যক্তিদের নিয়োগ শুরু করব। তাদের জন্য হয়ত কিছুটা বেশি টাকা খরচ হবে। কিন্তু তাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই।’’
চার বছর পর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি, জানুয়ারিতে উদ্বোধনের পরিকল্পনা
১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি ২০২২ সালের সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়। চলতি বছরের জুনে সংসদে বিএমইউ আইন সংশোধনের পর হাসপাতালটির নাম পরিবর্তন করে বিএমইউ সুপার স্পেশালাইজড হসপিটাল লিমিটেড রাখা হয়।
সুপার স্পেশালাইজড হাসপাতালের অর্গানোগ্রাম অনুযায়ী, পদ রয়েছে ২ হাজার ৭৫৮টি। এর মধ্যে বর্তমানে ২০ জন চিকিৎসকসহ পৌনে ২০০ কর্মকর্তা, কর্মচারী ও স্টাফ রয়েছেন। জনবল না থাকায় চার বছর ধরে অনেকটা অকার্যকর ভাবে অংশিক সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি।
বর্তমানে হাসপাতাল কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন বিএমইউ উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ। অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী আছেন হাসপাতাল পরিচালকের দায়িত্বে।
হাসপাতালটিতে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, সর্বাধুনিক কার্ডিওভাস্কুলার ও মস্তিষ্কের রক্তক্ষরণের চিকিৎসাসহ নানা বিশেষায়িত সেবার থাকার কথা। বন্ধ্যাত্ব এবং নারী ও শিশুর বিশেষায়িত সেবাও মিলবে এখানে।
গত ২৯ অক্টোবর চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক ১ হাজার ১১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে কনসালটেন্ট নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়। প্রথম দিন পরীক্ষায় এসেছিলেন ৫০ জন চিকিৎসক।
হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, ‘‘আগামী বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এমন পরিকল্পনা ধরে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। শুরুতে কার্ডিও-নিউরো ইমারজেন্সি, আইসিইউ এবং কার্ডিয়াক সিসিইউসহ পাঁচটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।’’
তিনি বলেন, ‘‘হাসপাতাল চালুর পর সরকারি মেডিকেলের তুলনায় বেশি খরচ হলেও বেসরকারি অন্য হাসপাতালের তুলনায় ‘স্বল্প খরচে’ কিডনি ও লিভার প্রতিস্থাপনসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা মিলবে।’’
