১৮০০ ভরি সোনা চুরির মামলায় নিরাপত্তাকর্মীদের সংশ্লিষ্টতা পাচ্ছে পুলিশ
ছয় নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, বলেন ওসি।
ঢাকার ধানমন্ডিতে আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি সোনার গহনা চুরি হওয়ার অভিযোগে মামলা করেছেন দোকানের মালিক অমিত ঘোষ।
‘অজ্ঞাতনামা’ ব্যক্তিদের আসামি করে তিনি এ মামলা করেছেন; চুরি হওয়া গয়নার বাজারমূল্য লিখেছেন ৩৮ কোটি টাকা।
এ ঘটনায় ছয় নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে তাদের কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে। বিস্তর জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।”
