সেই মাঠে ফিরে জাদুকরি জোড়া গোলে বিশ্বকাপের স্মৃতি মনে পড়ছে মেসির
বিশ্বকাপে যে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চমৎকার দুটি অ্যাসিস্ট করেছিলেন, তিন মাস পর সেখানে ফিরে ক্লাবের হয়ে চোখধাঁধানো দুটি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
তিন মাসের ব্যবধানে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আরেকটি জাদুকরি পারফরম্যান্স মেলে ধরলেন লিওনেল মেসি। ক্লাব ইন্টার মায়ামির হয়ে ঐন্দ্রজালিক জোড়া গোলের পর, এখানে বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেই স্মরণীয় জয়ের কথা স্মরণ করলেন ফুটবল জাদুকর।
বাংলাদেশ সময় রোববার সকালে মেজর লিগ সকারের ম্যাচটিতে আটলান্টা ইউনাইটেডকে তাদের মাঠেই ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে চোখধাঁধানো দুটি গোল করেন মেসি।
এই মাঠে গত ১৫ জুলাই বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর শেষ মুহূর্তের নাটকীয়তায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। এন্সো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের দুটি গোলে চমৎকার অ্যাসিস্ট করেন মেসি। ২-১ গোলে জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখে লিওনেল স্কালোনির দল।
আটলান্টার বিপক্ষে ম্যাচের পর ওই জয়ের কথা স্মরণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, “ইন্টার মায়ামির হয়ে আরও একটি জয়, এমন এক স্টেডিয়ামে, যা সাম্প্রতিক সময়ের সুন্দর কিছু স্মৃতি মনে করিয়ে দেয়...।”
আগেই প্লে-অফসে খেলা নিশ্চিত করে ফেলা মায়ামি এই জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থান আরও সুসংহত করেছে। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
