১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের কর্মবিরতিতে দেড় ঘণ্টা অচল এনসিটি-সিসিটি

“কেন তারা কাজ বন্ধ করেছিল, সে বিষয়ে আলোচনা হচ্ছে।”

শ্রমিকদের কর্মবিরতিতে দেড় ঘণ্টা অচল এনসিটি-সিসিটি

বকেয়া বেতন ও অন্যান্য আর্থিক সুবিধার দাবিতে শ্রমিকদের কর্মবিরতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটিতে দেড় ঘণ্টা কাজ হয়নি। এসময় শ্রমিকরা জেটিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 04:52 PM

Updated : 17 Nov 2026, 04:52 PM

বকেয়া বেতন, গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কন্টেইনার টার্মিনালে (সিসিটি) দেড় ঘণ্টা কোনো কাজ হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে বেলা ১১টটার দিকে তারা কাজে ফিরে যান।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা সকালে সাময়িকভাবে এনসিটি ও সিসিটিতে কাজ বন্ধ রেখেছিল। বেলা ১১টার পর তারা কাজে ফিরেছে।

“কেন তারা কাজ বন্ধ করেছিল, সে বিষয়ে আলোচনা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।”

এর আগে সকালে কাজ বন্ধ রেখে জেটিতে জড়ো হয়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে বন্দরের এনসিটি ও সিসিটিতে কাজ করলেও এখনো তারা পাওনা পাননি। চলতি মাসে মঙ্গলবার পর্যন্ত তাদের বেতন হয়নি।

এনসিটি শুরু থেকে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার টেক। তাদের সাথে চুক্তি শেষে সেটি চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড পরিচালনা করছিল। সবশেষ এনসিটি পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করেছে সরকার।

অন্যদিকে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তি শেষ হয় নভেম্বরের শুরুতে। এখনো অপারেটর চূড়ান্ত না হলেও টার্মিনালটিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে।

টার্মিনাল দুটিতে এখনো সাইফ পাওয়ার টেকের নিয়োগ করা শ্রমিকরা কাজ করছেন। তবে প্রতিষ্ঠানটি এনসিটির দায়িত্ব ইতোমধ্যে ছাড়লেও শ্রমিকরা তাদের গ্র্যাচুইটি ও অন্য আর্থিক সুবিধা এখনো পাননি বলে দাবি করেন।