১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বন্দর ঘুরে দেখল নেদারল্যান্ডস প্রতিনিধি দল

বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পাশাপাশি বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেছে প্রতিনিধি দলটি।

চট্টগ্রাম বন্দর ঘুরে দেখল নেদারল্যান্ডস প্রতিনিধি দল

ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের নেতৃত্বে দেশটির মেরিটাইম খাতের একটি প্রতিনিধি দল বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 09:10 PM

Updated : 14 Oct 2026, 09:10 PM

ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যারিস ভ্যান বোমেলের নেতৃত্বে দেশটি মেরিটাইম খাতের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে।

বুধবার সকালে প্রতিনিধি দলটি সেখানে যায়। তারা বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। এরপর বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন।

চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে প্রতিনিধি দলটি বন্দর পরিদর্শন করেছে বলে বন্দর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বন্দরের সাম্প্রতিক অর্জনের কথা তুলে ধরেন। বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম (সিপিএ স্কাই) চালু, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং বন্দরের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে আলোচনা করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশটির ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে নেদারল্যান্ডসের মেরিটাইম অ্যান্ড অফশোর এনএল এর ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশন’ শিরোনামে একটি উপস্থাপনা তুলে ধরেন। প্রতিনিধি দলে থাকা ডাচ প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় তাদের প্রস্তাব ও বক্তব্য তুলে ধরে।

পরে প্রশ্নোত্তর পর্বে বন্দর ও ডাচ প্রতিনিধি দলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে আলোচনা হয়।