ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় মোনামী, বললেন ‘বেশ করেছি’
“আপনারা তো কেবল একটি ভিডিও পেয়েছেন। আমি তো মোট পাঁচটি গানে নেচেছি,” বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।
ভাইয়ের বিয়েতে নিজের নাচার ভিডিও ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বলেছেন, ‘বেশ করেছি’।
সোমবার নাচের এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। তাতে দেখা যায়, লেহেঙ্গা পরে হিন্দি গানের সঙ্গে তিনি নাচছেন।
পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেইসবুকে একটি পোস্ট দেন মোনামী।
ওই পোস্টে তিনি বলেন, “এমন একটি দেশে, যেখানে একের পর এক ককটেল বিস্ফোরণ আর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেখানে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচের ভিডিওটি হয়ে উঠেছে ‘খবর’!”
তিনি বলেন, “যদিও ভিডিওটি আমার এক বন্ধুর শেয়ার করা পোস্ট থেকে নেওয়া (যা আমি পরবর্তীতে পুনরায় শেয়ার করেছিলাম), আমার ধারণা ছিল যে আমার বন্ধু তালিকায় থাকা মানুষগুলো অন্তত নিরাপদ বা নির্ভরযোগ্য।
“কিন্তু কী আর করা... হয়তো কিছু টাকা উপার্জনের জন্যই এই ক্লিপটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি ছিল, তাই না?”
পোস্টটি ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “যিনিই এটি করে থাকুন না কেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে এমন হীন পথ অবলম্বন না করিয়ে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল উপায় দান করেন।”
হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “আর আমার নাচের কথা যদি বলি...আমি জানি, নাচটিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলার মতো বয়স বা শারীরিক গঠন আমার নেই— কিন্তু একজন নৃত্যশিল্পীর জন্য বয়স বা শারীরিক গড়নই যে একমাত্র মাপকাঠি, তা কে নির্ধারণ করল?”
ওই পোস্টে তিনি বলেন, “আমি কি জানতাম না যে, আমার নাচের ভিডিও ফাঁস হলে রাজনৈতিক অঙ্গনের কিছু নির্বোধ মানুষ আমাকে নিয়ে ট্রল করবে?
“অবশ্যই জানতাম! আমি কি তাতে পাত্তা দিয়েছি? একদমই না!”
নাচটি মূলত ভাইয়ের বিয়ের দাবি করে তিনি বলেন, “এটি ছিল আমার একমাত্র ভাইয়ের গায়ে হলুদ, আর তার এই বিশেষ দিনে আমি সবসময়ই নাচতে চেয়েছিলাম। আমি আবারও একই কাজ করতাম... আর নেচেছি বলে আমার কোনো লজ্জা বা সংকোচ নেই— এটি ছিল আমার আনন্দ প্রকাশের একটি মাধ্যম!
“আপনারা তো কেবল একটি ভিডিও পেয়েছেন। আমি তো মোট পাঁচটি গানে নেচেছি। বেশ করেছি!”
