২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার বড় জয়েও যা ভাবাচ্ছে ফ্লিককে

সাবাহর বিপক্ষে খেলোয়াড়দের ভুল, বিশেষ করে গোল হজমে অসন্তুষ্ট বার্সেলোনা কোচ।

বার্সেলোনার বড় জয়েও যা ভাবাচ্ছে ফ্লিককে

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 02:27 PM

Updated : 26 Nov 2026, 02:27 PM

সাবাহ এফসির বিপক্ষে বড় জয়ে খুশি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে এর মধ‍্যেই কিছু কিছু ব‍্যাপার ভাবাচ্ছে তাকে। বিশেষ করে খেলোয়াড়দের ভুল এবং গোল হজম মানতেই পারছেন না তিনি।

চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে বুধবার ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন অ‍্যান্থনি গর্ডন। একবার করে জালের দেখা পেয়েছেন কারিম আডেইয়েমি ও গাব্রিয়েল জেসুস।

আক্রমণভাগের সবচেয়ে বড় দুই ভরসা লামিন ইয়ামাল ও হাফিনিয়ার অনুপস্থিতির পরও বার্সেলোনার জয় প্রত‍্যাশিতই ছিল। গর্ডন, আডেইয়েমি, জেসুসরা সেই প্রত‍্যাশা পূরণও করেছেন। কিন্তু আজারবাইজানের ক্লাবটির বিপক্ষে বার্সেলোনার কিছু ঘাটতি ভাবাচ্ছে ফ্লিককে।

“আমি জয় নিয়ে খুশি, এখানে কাজটা সাধারণত সহজ নয়। আমার ধারণা প্রথমার্ধে আমরা ৭০ শতাংশ বা এর বেশি সময় বল দখলে রেখেছিলাম। আমরা যে ভুলগুলো করেছি, একমাত্র এই ব‍্যাপারগুলো নিয়ে আমি খুশি নই। আমরা এভাবে খেলতে চাই না।”

৪-০ ব‍্যবধানে এগিয়ে যাওয়ার পর ৬৩তম মিনিটে গোল হজম করে বার্সেলোনা। পরের ম‍্যাচে দলকে রক্ষণে উন্নতির তাগিদ দিলেন ফ্লিক।

“আমরা যে গোল হজম করেছি, সেটা নিয়ে আমি খুশি নই। আপনি এই পর্যায়ে সেটা করতে পারেন না। আমাদের এখানে উন্নতি করতে হবে। তবে এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে তিন গোল করেছি, এটা ভালো।

“আমি তিন পয়েন্ট এবং দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকে যে পর্যায়ের তীব্রতা আমরা দেখিয়েছি সেটা নিয়ে খুশি।”

পাঁচ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বার্সেলোনা।