১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

‘অনেক গোল হজম করছি,’ রক্ষণে উন্নতির তাগিদ এস্পার্ত-রদ্রির

পিএসজি ও রেয়াল মাদ্রিদের বিপক্ষে সম্ভাব্য কঠিন ম‍্যাচের আগে রক্ষণ নিয়ে ভাবছেন বার্সেলোনার খেলোয়াড়রা।

‘অনেক গোল হজম করছি,’ রক্ষণে উন্নতির তাগিদ এস্পার্ত-রদ্রির

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন রদ্রি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 03:03 PM

Updated : 18 Oct 2026, 03:03 PM

বার্সেলোনার আক্রমণের তোড়ে প্রতিপক্ষে টিকতে পারছে না বলে অনেকটা আড়ালেই রয়ে যাচ্ছে দলের রক্ষণের দুর্বলতা। তবে পিএসজি ও রেয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষার আগে সেদিকে মনোযোগ দিচ্ছেন শাভি এস্পার্ত ও রদ্রি। স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের গোল ঠেকানোতেও উন্নতির তাগিদ দিয়েছেন তারা।

লা লিগায় শনিবার রেয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতায় ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা। তবে ১১ ম্যাচের সাতটিতেই অন্তত একবার হলেও তাদের জালে প্রবেশ করেছে প্রতিপক্ষের গোল।

রক্ষণের এই ঘাটতি ফুটে ওঠার মাঝেই এবার উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার গত দুই আসরের চ‍্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। পরে রোববার লা লিগায় ক্লাসিকোয় খেলবে চির প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে।

সম্ভাব্য কঠিন দুই ম্যাচের আগে ডিএজেডএনের সঙ্গে আলাপচারিতায় তরুণ ডিফেন্ডার এস্পার্ত বললেন, এসব ম‍্যাচে জাল অক্ষত রাখা ভীষণ গুরুত্বপূর্ণ হবে।

“আমরা আক্রমণাত্মক একটি দল। তবে আমি মনে করি, আমরা এখনও অনেক বেশি গোল হজম করছি।

“গুরুত্বপূর্ণ ম‍্যাচে আমাদের জাল অক্ষত রাখতে হবে। কখনও কখনও আমরা এতো আক্রমণাত্মক হই যে, আমরা নিজেদের রক্ষণ অরক্ষিত করে খেলি। তাই আমাদের রক্ষণে উন্নতি করতে হবে।”

এ ব‍্যাপারে এস্পার্তের সঙ্গে একমত স্পেন অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি।

“জয় নিয়ে আমি খুব খুশি। কারণ, লিগে এটা সবচেয়ে কঠিন মাঠের একটি। এছাড়া বেতিস খুব ভালো ছন্দে আছে এবং খুব ভালো একটি ম‍্যাচ খেলেছে।

“নিজের গোল নিয়েও আমি খুব খুশি। যখন পরিস্থিতি খুব খারাপ ছিল তখন সেটা আমাদের মনে স্বস্তি ফিরিয়েছিল। এই দল সবসময়ই আক্রমণে নিজেদের সামর্থ‍্য দেখাচ্ছে। তবে আমরা একটু বেশি গোল হজম করছি। আর এখানে আমরা উন্নতি করতে পারি।”

লা লিগায় ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। চ‍্যাম্পিয়ন্স লিগে তারা জিতেছে নিজেদের প্রথম দুই ম‍্যাচে।