২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের গোলে খুশি জেসুস, পারফরম‍্যান্সে নয়

বার্সেলোনা স্ট্রাইকারের উপলব্ধি সাবাহ এফসির বিপক্ষে আরও ভালো করতে পারতেন তিনি।

নিজের গোলে খুশি জেসুস, পারফরম‍্যান্সে নয়

সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে গাব্রিয়েল জেসুস (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 03:05 PM

Updated : 26 Nov 2026, 03:05 PM

লামিন ইয়ামাল, হাফিনিয়াদের অনুপস্থিতিতে সাবাহ এফসির বিপক্ষে সুযোগ পেয়ে একটি গোল করেছেন জেসুস গাব্রিয়েল। তাতে খুশি বার্সেলোনার এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে নিজের পারফরম‍্যান্স নিয়ে সন্তুষ্ট নন তিনি।

আজারবাইজানে বুধবার ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন অ‍্যান্থনি গর্ডন। একবার করে জালের দেখা পেয়েছেন কারিম আডেইয়েমি ও জেসুস।

৬০তম মিনিটে কর্নারে জুল কুন্দের হেড গোলরক্ষক কোনোমতে আটকালেও বল চলে যায় দূরের পোস্টে জেসুসের পায়ে, পড়ে থাকা অবস্থায় একজনের চ্যালেঞ্জে সামলে দ্বিতীয় প্রচেষ্টার টোকায় বল গোললাইন পার করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

দলের জয় ও নিজের গোলে খুশি জেসুস। কিন্তু আরও ভালো করতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি।

“আমরা জিতেছি, আমি নিজের গোল নিয়ে খুশি কিন্তু নিজের পারফরম‍্যান্স নিয়ে ততটা নই। আশাকরি, আমি দলকে সহায়তা করে যেতে পারব। আমরা এখানে আছি বার্সেলোনাকে আরও ভালো দল হিসেবে গড়ে তুলতে।”

খুব বেশি খেলার সুযোগ মিলছে না জেসুসের। চোট মুক্ত থাকলে ইয়ামাল ও হাফিনিয়ার খেলা নিয়ে কোনো সংশয় নেই। ভালো করছেন অন‍্যরাও। তাই অপেক্ষায়ই থাকতে হচ্ছে জেসুসের। বাস্তবতা মেনে নিয়ে সামনে তাকাচ্ছেন তিনি।

“নিজের পরিস্থিতি বুঝতে পারছি আমি এবং ভালো অবস্থায় থাকার চেষ্টা করছি। খেলার সুযোগ ছাড়া শুধু অনুশীলন করা কঠিন। তবে ব‍্যাপারটা এমনই। আমরা সাহায‍্য করার চেষ্টা করব। তবে সিদ্ধান্ত নেবেন ফ্লিক। গোল করা সবসময়ই ভালো।

“গোল খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই গোল করতে চাই। আমার ভূমিকা ভিন্ন। হাফা প্রচুর গোল করছে এবং সে আমাদের জন‍্য খুব গুরুত্বপূর্ণ। আমি সুযোগ ও খেলার অপেক্ষায় থাকব। এমনকি আমি যদি ভালো নাও খেলি তবুও গোল করা গুরুত্বপূর্ণ।”

পাঁচ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বার্সেলোনা।