২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বেইকিং পাত্রে জমে থাকা পুরানো পোড়া তেল-চর্বি পরিষ্কারের সহজ উপায়

গরম পানি, বেইকিং সোডা বা ভিনেগার দিয়ে পাত্রে আটকে যাওয়া তেল-চর্বি ওঠানোর সহজ পন্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 03:00 PM

Updated : 26 Nov 2026, 11:25 AM

ওভেনে বেইক করার পর কাচ, সিরামিক বা এনামেল কোটিংযুক্ত পাত্রে (ক্যাসারোল ডিশ) পনির, সস বা তেল-চর্বি পুড়ে শক্ত হয়ে আটকে থাকে।

দীর্ঘদিন ধরে এই পোড়া দাগ জমতে থাকলে, তোলা বেশ কঠিন হয়ে পড়ে এবং জোরে ঘষামাজা করলে পাত্রের ওপরের প্রলেপ নষ্ট হয়ে যায়।

তবে রান্নাঘরের সাধারণ কিছু উপাদান ব্যবহার করে কোনও ক্ষতি ছাড়াই বেইকিং পাত্রগুলো নতুনের মতো ঝকঝকে করা সম্ভব।

জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট রিয়েল সিম্পল-এ প্রকাশিত এক প্রতিবেদনে চার দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন গৃহস্থালি ও দাগ অপসারণ-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ মেরি মার্লো লেভেরেট, বেইকিং পাত্রের পোড়া তেল-চর্বি তোলার সহজ উপায় ও যত্নের কৌশল তুলে ধরেছেন।

পরিষ্কার করার আগের জরুরি প্রস্তুতি

পাত্র ঠান্ডা হতে দেওয়া: রান্নার পর গরম বেইকিং পাত্র কখনই সরাসরি পানিতে ডোবানো যাবে না; এতে তাপমাত্রার পার্থক্যে কাচ বা সিরামিকের পাত্রে ফাটল ধরতে পারে।

পাত্রটি পুরোপুরি ঠান্ডা হলে প্লাস্টিক বা সিলিকনের চামচ দিয়ে আলগা খাবার চেঁছে তুলে ফেলতে হবে।

গরম পানিতে ভিজিয়ে রাখা: এরপর পাত্রটি গরম পানি ও কয়েক ফোঁটা ডিশ সোপ দিয়ে অন্তত ৩০ মিনিট (খুব বেশি দাগ হলে সারা রাত) ভিজিয়ে রাখতে হবে, যাতে পোড়া অংশ নরম হয়ে আসে।

পরিষ্কারের সময় কখনই স্টিলের মাজনি ব্যবহার করা উচিত নয়; বরং নরম স্পঞ্জ বা নরম ব্রাশ বেছে নিতে হবে।

পোড়া তেল-চর্বি তোলার ৩টি কার্যকর ঘরোয়া পদ্ধতি

বেইকিং সোডা ও ডিশ সোপ: পাত্রটি ৩০ মিনিট ভিজিয়ে রেখে আলগা ময়লা সরানোর পর ৩ ভাগ বেইকিং সোডার সঙ্গে ১ ভাগ তরল ডিশ সোপ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে।

এই পেস্টটি পোড়া দাগের ওপর মাখিয়ে ২ ঘণ্টা থেকে সারা রাত রেখে দিতে হবে। এরপর নরম স্পঞ্জ বা ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষলেই সব পোড়া দাগ উঠে আসবে।

শেষে কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।

বেইকিং সোডা ও সাদা ভিনেগার: ভিজিয়ে রাখা পাত্রের পোড়া অংশে পর্যাপ্ত পরিমাণে বেইকিং সোডা ছিটিয়ে তার ওপর সাদা ভিনেগার স্প্রে করতে হবে, যাতে ফেনা তৈরি হয়। এভাবে ২০ থেকে ৩০ মিনিট রেখে নরম ব্রাশ দিয়ে ঘষে কুসুম গরম পানিতে ধুয়ে ফেললে জমে থাকা চর্বি পরিষ্কার হয়ে যাবে।

লেবু ও লবণ: পাত্রটি ধুয়ে পোড়া দাগের ওপর মোটা দানার লবণ ছিটিয়ে দিতে হবে। এরপর একটি লেবু মাঝখান থেকে কেটে কাটা অংশটি লবণের ওপর হালকা চাপে গোল গোল করে ঘষতে হবে এবং ১৫ মিনিট অপেক্ষা করতে হবে।

পরে নরম স্পঞ্জ দিয়ে ঘষে গরম সাবান পানিতে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই পাত্র ঝকঝকে হয়ে উঠবে।

বেইকিং পাত্র নতুনের মতো ভালো রাখার পন্থা

মেরি মার্লো লেভেরেটের পরামর্শ অনুযায়ী, ওভেনে বেইক করার সময় পাত্রে অতিরিক্ত কুকিং স্প্রে ব্যবহার করা উচিত নয়, কারণ উচ্চ তাপে স্প্রে পুড়ে বাদামি আস্তরণ তৈরি করে।

এছাড়া খাবার উপচে পড়া এড়াতে পাত্রের ৮০ শতাংশের বেশি পূর্ণ করা যাবে না এবং হাতে ধোয়া পাত্রের স্থায়িত্ব বাড়ায়।

আলমারিতে একটি পাত্রের ওপর আরেকটি রাখার সময় মাঝখানে পাতলা সুতি কাপড় বা কিচেন টিস্যু দিয়ে রাখলে দাগ বা আঁচড় পড়ে না।

পুরনো খবর:

কষ্ট করে ঘষামাজা ছাড়াই মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারের সহজ ঘরোয়া উপায়
মাইক্রোওয়েভ ওভেনে রান্না কতটুকু নিরাপদ
এয়ার ফ্রায়ার কিনতে ও ব্যবহারে যেসব বিষয় খেয়াল রাখা দরকার