শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে ‘লাউশাক দিয়ে কৈ মাছের তরকারি’
শীত মৌসুমে কচি লাউশাক ও ডাঁটার সঙ্গে দেশি কৈ মাছের ঝোল গরম ভাতের পাতে এনে দেয় অনন্য স্বাদ।
শীতের মৌসুমে বাজারে কচি লাউশাক এবং টাটকা কৈ মাছের বেশ সমাহার দেখা যায়।
পুষ্টিগুণে ভরপুর কচি লাউশাক ও ডাঁটার সঙ্গে দেশি কৈ মাছের ঝোল গরম ভাতের পাতে এনে দেয় দারুণ তৃপ্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য ঘরোয়া সাধারণ মসলায় সুস্বাদু এই পদ রান্নার সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
মূল উপাদান: কৈ মাছ ৪ থেকে ৬টি (ভালোভাবে পরিষ্কার করে ধোয়া), লাউশাক ১ আঁটি (ডাঁটা ও পাতা আলাদা করে কেটে ধোয়া) এবং আলু ১টি (লম্বা ফালি করে কাটা, ঐচ্ছিক)।
বাটা ও গুঁড়া মসলা: পেঁয়াজ কুচি বা বাটা ২ থেকে ৩ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো এবং জিরা বাটা বা গুঁড়া আধা চা-চামচ।
অন্যান্য: কাঁচামরিচ ৩ থেকে ৪টি (চেরা), রান্নার তেল ২ থেকে ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং পানি পরিমাণমতো।
পদ্ধতি
মাছ হালকা ভেজে নেওয়া: প্রথমে পরিষ্কার করে ধুয়ে রাখা কৈ মাছগুলোতে সামান্য লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখতে হবে।
মসলা কষানো: মাছ ভাজার ওই একই তেলে পেঁয়াজ কুচি বা বাটা এবং রসুন বাটা দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা এবং স্বাদমতো লবণ দিয়ে সামান্য পানি যোগ করে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
শাক ও ডাঁটা রান্না: মসলা কষানো হয়ে তেল ওপরে উঠে এলে আগে থেকে কেটে রাখা আলু ও লাউশাকের ডাঁটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। ডাঁটা কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে লাউশাকের পাতা এবং চেরা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে।
ঝোল ও মাছ দিয়ে নামানো: শাক ও ডাঁটা মজে এলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা কৈ মাছগুলো ঝোলের ওপর বিছিয়ে দিতে হবে। শাক ও ডাঁটা পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল পছন্দমতো ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল সুস্বাদু লাউশাক দিয়ে কৈ মাছের তরকারি। এটি দুপুরের গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যেতে পারে।
