শোল মাছ দিয়ে শিম আলু টমেটো রান্নার সহজ রেসিপি
গরম ভাতের সঙ্গে জমবে বেশ শোল মাছ দিয়ে শিম আলু টমেটোর তরকারি।
শীতের আমেজ শুরু হতেই বাজারে আসতে শুরু করেছে কচি শিম, নতুন আলু আর পাকা টমেটো।
এই মৌসুমি সবজিগুলোর সঙ্গে দেশি শোল মাছের পাতলা ঝোল দুপুরের খাবারে এনে দিতে পারে তৃপ্তি।
অল্প উপকারণ দিয়ে সুস্বাদু ‘শোল মাছ দিয়ে শিম আলু টমেটো’ রান্নার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
শোল মাছ ৪ থেকে ৫ টুকরো।
সবজি: আলু ৩টি (লম্বা করে কাটা), শিম ৮ থেকে ১০টি (দুই পাশ থেকে আঁশ ছাড়িয়ে নেওয়া) এবং পাকা টমেটো ২টি (ফালি করা)।
মসলা: পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা বাটা বা গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া এক চা-চামচের পাঁচ ভাগের এক ভাগ। মরিচ গুঁড়া ১ চা-চামচ এবং কাঁচা মরিচ ৫ থেকে ৬টি (ফালি করা)।
অন্যান্য: লবণ স্বাদমতো, সরিষার তেল বা সাধারণ রান্নার তেল পরিমাণ মতো এবং ঝোলের জন্য পরিমাণ মতো পানি।
পদ্ধতি
মাছ প্রস্তুত করা
প্রথমে শোল মাছের টুকাগুলো পরিষ্কার পানিতে ভালোমতো ধুয়ে নিতে হবে। এরপর মাছে সামান্য হলুদ ও লবণ মেখে ৫ মিনিট রেখে দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী হালকা ভেজে তুলে রাখা উচিত।
মসলা কষানো
কড়াই বা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে জিরা বাটা বা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। মসলার ওপর তেল ভেসে উঠলে আগে থেকে কেটে রাখা আলু ও শিম দিয়ে দিতে হবে।
সবজি কষানো ও ঝোল দেওয়া
মসলার সঙ্গে আলু ও শিম মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট কষিয়ে নিতে হবে (প্রয়োজনে সামান্য পানি যোগ করা যেতে পারে)।
সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে ঝোলের জন্য পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে।
মাছ ও টমেটো যোগ করা
ঝোলের পানি ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা শোল মাছের টুকরোগুলো এবং ফালি করা টমেটো, ঝোলে ছেড়ে দিতে হবে। একই সঙ্গে ফালি করা কাঁচা মরিচগুলো দিয়ে দিতে হবে।
পরিবেশন
ঝোল ঘন হওয়া এবং আলু ও শিম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে। চুলা থেকে নামানোর আগে লবণ চেখে দেখে নিতে হবে।
রান্না শেষ হলে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে মজাদার শোল মাছ দিয়ে শিম আলু টমেটোর তরকারি।
