১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে হারলেও সারা বছরের পারফরম্যান্স নিয়ে খুশি আর্জেন্টিনা

দাপুটে জয়ে বছর শেষ করার পর, বিশ্বকাপে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের কথা বললেন লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ ফাইনালে হারলেও সারা বছরের পারফরম্যান্স নিয়ে খুশি আর্জেন্টিনা

কোস্টা রিকাকে গোলবন্যায় ভাসিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 03:50 PM

Updated : 18 Nov 2026, 03:50 PM

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও, সেই স্বপ্ন পূরণ করতে না পারার হতাশা আছে; তবে বছরজুড়ে দল যেভাবে পারফর্ম করেছে, তাতে বেশ খুশি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চার দিন আগে উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই ধাক্কা সামলে, বাংলাদেশ সময় বুধবার সকালে কোস্টা রিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত স্কালোনির দল।

এমন দাপুটে পারফরম্যান্সে বছর শেষ করতে পারায় খুব খুশি স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার চোখেমুখে তা ফুটে উঠল। সেখানে উঠল গত জুন-জুলাইয়ের বিশ্বকাপের কথাও, যেখানে অসাধারণ নাটকীয় কিছু জয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা; কিন্তু শিরোপা লড়াইয়ে স্পেনের বিপক্ষে হেরে যায় ন্যূনতম ব্যবধানে।

ফাইনালে আর্জেন্টাইনদের পারফরম্যান্স ছিল খুবই সাদামাটা। প্রতিপক্ষকে সেদিন কোনোরকম চ্যালেঞ্জই জানাতে পারেনি তারা। তাই সর্বোচ্চ মঞ্চে দল এমন ছন্নছাড়া থাকলেও, পুরো টুর্নামেন্টে মেসি ও তার সতীর্থরা যেভাবে লড়াই করেছে, তা নিয়ে আবারও সন্তুষ্টির কথাই বললেন কোচ।

“বিশ্বকাপে আমাদের কিছু ম্যাচ ছিল মহাকাব্যিক, মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমাদের অনুভূতি ছিল অবিশ্বাস্য।

“ওই টুর্নামেন্টের কথা ভাবনায় আসলে প্রথমেই আমার মনে সেখানে দারুণ কাজ করতে পারার, সেরা হতে চেষ্টা করার, লড়াই করার এবং সবসময় আর্জেন্টাইন (একজন আর্জেন্টাইনের বৈশিষ্ট্য মেলে ধরার) হওয়ার ভালোলাগা কাজ করে।”

সারা বছরে তার দল যেভাবে পারফর্ম করেছে, তীব্র চাপের মুহূর্তেও হার না মানসিকতায় লড়াই করেছে- এই সবকিছু নিয়ে তৃপ্ত স্কালোনি।

“আমার মনে হয়, বছরটা আমাদের জন্য বেশ ইতিবাচক কেটেছে। আমরা কঠিন মুহূর্তে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি; কিন্তু আপনি তো সবসময় জিততে পারবেন না। আমরা সন্তুষ্ট। আমরা একটা ধারণা তৈরি করতে পেরেছি যে, এমনকি না জিতলেও এর জন্য করা পরিশ্রম প্রশংসা পেতে পারে, আর এটা চমৎকার ব্যাপার।”

মাঝেমধ্যে কিছু সমালোচনাও শুনতে হয়েছে স্কালোনি ও তার দলকে। তবে সেসব নিয়ে আলাদা করে কিছু বলতে চাইলেন না তিনি।

“সমালোচনা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ সেগুলো ঠিকই আছে। আর আমি আট বছরে কখনও এই বিষয়ে কথা বলিনি, তাহলে এখন কেন শুরু করব?”