২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান

আড়াই দশকের বেশি সময় ধরে ভোক্তাপণ্য খাতে কাজ করছেন কামরুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 02:23 PM

Updated : 26 Nov 2026, 02:23 PM

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে ‘সিওও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) কনজ্যুমার ব্র্যান্ডস বিভাগের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কামরুল হাসান।

সোমবার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালন দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এসিআই বলছে, আড়াই দশকের বেশি সময় ধরে ভোক্তাপণ্য খাতে কাজ করছেন কামরুল হাসান। ১৯৯৯ সালে গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে কর্মজীবন শুরু করেন তিনি। পরে এসিআইয়ে যোগ দিয়ে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রাখেন।

এসিআই পিওর সল্ট, এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য বাজারে প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন কামরুল হাসান।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এ অর্জন তার একার নয়, বরং প্রতিষ্ঠানের সহকর্মীদের সম্মিলিত সাফল্য।”