গোপালগঞ্জে চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
পুলিশ জানায়, রাতে বাড়িতে সিঁধ কেটে ঢোকেন বাবুল।
গোপালগঞ্জ সদর উপজেলায় চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।
নিহত বাবুল বিশ্বাসের (৪২) বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে ঢোকেন বাবুল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।
এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন তাকে মারধর করেন।
আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
