২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ, শুনানি চলবে বৃহস্পতিবারও

জিয়াউলকে আসামি না করায় বিচারিক প্রক্রিয়া যতটুকু সম্পন্ন হয়েছে, তাতে প্রভাব পড়বে না, মনে করেন অ্যাটর্নি জেনারেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 05:22 PM

Updated : 25 Nov 2026, 05:22 PM

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাই কোর্টের রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে আসামিদের করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, “হাই কোর্টের রায় বহাল রাখার পক্ষেই আমাদের অবস্থান।”

শুনানির অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, আসামিপক্ষের একজন আইনজীবী এদিন কিছুটা শুনানি শুরু করেছিলেন। বৃহস্পতিবার সাধারণত আপিল বিভাগে অন্যান্য বিষয় শোনা হলেও বিশেষ বিবেচনায় এ মামলার শুনানি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাত খুন মামলার প্রধান আসামি র‍্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, “তার বক্তব্য থেকেও কিন্তু স্পষ্ট যে, জিয়াউল হাসানের হুকুম এবং তার নির্দেশনা ছাড়া কোনো অপারেশন তাদের দৃষ্টিতে হতো না।”

তারেক সাঈদের জবানবন্দিতে নাম আসা জিয়াউল আহসানকে এ মামলায় আসামি না করা প্রসঙ্গে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “এ মামলায় জিয়াকে আসামি করা হয়নি কেন, সেটার চেয়ে বড় কথা হচ্ছে, তার নাম ও দায়িত্বের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তবে তাকে আসামি না করার কারণে এ পর্যন্ত যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাতে কোনো প্রভাব পড়বে না। “

চলমান বিচারিক কার্যক্রম ত্রুটিপূর্ণ নয় দাবি করে কাজল বলেন, “যে বিচারের পরিপ্রেক্ষিতে আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে এবং হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ড বহাল রেখেছে, সেই মামলার আপিল এখন আপিল বিভাগে নিষ্পত্তির পথে রয়েছে। এই বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার কোনো সুযোগ নেই।”

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখতে পেয়ে অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মোহাম্মদ ইব্রাহিম। তিন দিন পর, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় রায় দেয়।

রায়ে র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পরে হাই কোর্ট বিভাগ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডিত আসামিদের করা সেই আপিল এখন শুনানি চলছে।