০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক

নতুন চার শাবকের জন্মের ফলে বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 03:05 PM

Updated : 05 Nov 2026, 03:05 PM

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পরিবারে নতুন চার শাবক এসেছে। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারি এলাকার হরিণ সাফারিতে মা নীলগাইয়ের সঙ্গে শাবকগুলোকে ঘুরে বেড়াতে দেখা যায়।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

তিনি বলেন, শাবকগুলোর বয়স এখন প্রায় দেড় মাস। জন্মের পর থেকেই তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। এ জন্য সার্বক্ষণিক একজন কর্মীকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

শাবকগুলো মাদি না পুরুষ, তা এখনো জানা যায়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে কাছে গিয়ে তাদের লিঙ্গ শনাক্তের চেষ্টা করেনি পার্ক কর্তৃপক্ষ।

তারেক রহমান বলেন, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে পার্কে আনা হয়। পরে সেখানে কয়েকটি শাবকের জন্ম হয়েছে। সবশেষ পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হয়েছে। নতুন চার শাবকসহ বর্তমানে গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।

বর্তমানে পার্কে নয়টি নীলগাই রয়েছে। এর মধ্যে নতুন শাবক চারটি নিয়ে বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।