১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

৬ জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ৩ বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক

নতুন আনা বাঘগুলোর মধ্যে দুটি নারী ও একটি পুরুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 07:09 PM

Updated : 13 Nov 2026, 07:14 PM

প্রাণী বিনিময়ের আওতায় গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটি জেব্রা পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিনটি প্রাপ্তবয়স্ক বাঘ।

চুক্তি অনুযায়ী আরও তিনটি জেব্রা পর্যায়ক্রমে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।

শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছায়। এর আগে বুধবার রাতে বিশেষ ব্যবস্থাপনায় একটি ট্রাকে করে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর বিদেশ থেকে আমদানি করে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন রোগে কিছু বাঘের মৃত্যু হয় এবং নতুন বাচ্চারও জন্ম হয়। বর্তমানে পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলোর আয়ুষ্কাল ফুরিয়ে আসছিল।

এ অবস্থায় পার্ক কর্তৃপক্ষ ও সরকার নতুন করে বাঘ আমদানির প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে জানা যায়, চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ রয়েছে, কিন্তু সেখানে কোনো জেব্রা নেই। অন্যদিকে গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা রয়েছে।

তিনি বলেন, “দুই কর্তৃপক্ষের আলোচনায় প্রাণী বিনিময়ের সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ছয়টি জেব্রার বিনিময়ে তিনটি বাঘ আনা হয়েছে। নতুন তিনটি বাঘ যুক্ত হওয়ায় সাফারি পার্কে এখন মোট বাঘের সংখ্যা দাঁড়াল ১০টিতে।

বুধবার রাতে একটি ট্রাকে করে য় চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬টি জেব্রা পাঠানো হয়। আবার বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ওই ট্রাকেই ৩টি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে বলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

তিনি বলেন, “নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে। বাঘ সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছে “

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, "দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। এগুলো পুরোপুরি সুস্থ আছে এবং ঠিকমতো খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে রাখা হয়েছে।"

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, "প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। এর বিপরীতে সাফারি পার্ক থেকে মোট ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে।

“গত বুধবার তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে; বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।”

তিনি জানানি, নতুন আনা বাঘগুলোর বয়স কম, যার মধ্যে দুটি নারী ও একটি পুরুষ বাঘ। আপাতত এগুলোকে আলাদা বেষ্টনীতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই কোর সাফারির দর্শনার্থীদের জন্য বাঘগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে।"