২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবক

বর্তমানে পার্কে নতুন শাবকসহ জলহস্তির সংখ্যা পাঁচটি।

গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবক

গাজীপুর সাফারি পার্কে শাবকের সঙ্গে জলহস্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 11:00 PM

Updated : 28 Sep 2026, 11:00 PM

গাজীপুর সাফারি পার্কে জলহস্তীর পরিবারে নতুন শাবকের জন্ম হয়েছে। শাবককে ঘিরে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী।

পার্কে দায়িত্বরত কেউ খাবার দিতে গেলে তেড়ে এসে খুনসুটি করা, মুহূর্তেই আবার গভীর পানিতে ডুব দিয়ে হারিয়ে যাওয়া, আবার হঠাৎ ভেসে দেখা দেওয়া, কচুরি পানার আড়ালে লুকিয়ে যাওয়াসহ নানা খুনসুটিতে মাতিয়ে রেখেছে জলহস্তী।

সোমবার দুপুরে নতুন শাবকের তথ্য দিয়েছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

তিনি বলেন, “মাঝে মধ্যে শাবক নিয়ে মা জলহস্তী বেষ্টনীর ভেতরে ডাঙ্গায় উঠে আসছে। আমরা তাদের দেখতে দ্রুত বেষ্টনীতে গেলে আবার গভীর পানিতে ডুবে যাচ্ছে। জলাধারের কোথাও সামান্য ভেসে উঠেই আবার হারিয়ে যাচ্ছে, এযেন আমাদের সঙ্গে লুকোচুরি করছে।”

তবে কত তারিখে জলহস্তীর জন্ম হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তারেক রহমান। তিনি বলেন, “হঠাৎ দেখি মা জলহস্তীর সঙ্গে পানি থেকে ডাঙ্গায় উঠে আসছে। এখনো শাবকটির লিঙ্গ শনাক্ত করা যায়নি। এটি শনাক্ত করতে আরও কিছুদিন সময় লাগতে পারে। বর্তমানে নতুন শাবকসহ জলহস্তির সংখ্যা পাঁচটি।”

বর্তমানে শাবকটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে; সেইসঙ্গে তাদের বাড়তি খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা।