স্থায়ী কমিটির বৈঠক: মণ্ডপে ‘অনিমেষ প্রহরীর ভূমিকায় থাকবে বিএনপি’
ইতোমধ্যে খায়রুল কবির খোকনের নেতৃত্বে ১২ সদস্যের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে, জানান রিজভী।
মণ্ডপের নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিএনপি।
শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৈঠকের পর ব্রিফিংয়ে এসে তিনি বলেন, “সভায় আসন্ন দুর্গাপূজায় ঢাকাসহ দেশের মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের নির্বিঘ্নে পূজা উদযাপন করার ব্যবস্থা করা, অনুকূল পরিবেশ তৈরি করা এবং তারা যেন উৎসবে শামিল হয়ে প্রত্যেকে প্রত্যেকের আনন্দ ভাগ করে নিতে পারে— সেসব নিয়ে নেতারা আলোচনা করেন।
‘‘কীভাবে সারা দেশে পূজামণ্ডপে দলের নেতাকর্মীরা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভায়। আমাদের দলের নেতাকর্মীরা প্রত্যেকে পূজামণ্ডপে অনিমেষ প্রহরীর মতো ভূমিকা পালন করবেন।”
রিজভী জানান, ইতোমধ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে ১২ সদস্যের একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
রিজভী অভিযোগ করে বলেন, ‘‘আপনারা জানেন, নানাভাবে দেশের বিরুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নানা ধরনের নীল নকশা কেউ কেউ করছেন। সমস্ত অপপ্রচার, অপকীর্তি এবং ষড়যন্ত্রকে জনগণ প্রতিহত করতে সক্ষম হবে এবং আমাদের দলের নেতাকর্মীরা এই ব্যাপারে সজাগ থাকবেন, তারা সজাগ প্রহরীর ভূমিকা পালন করবেন।”
সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়। এতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার উপস্থিত ছিলেন।
