২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

ট্রেনে থাকা রেলের কর্মী ও যাত্রীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগে দুটি আসন পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 12:46 AM

Updated : 28 Nov 2026, 12:46 AM

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগে দুটি আসন পুড়েছে। হতাহতের কোনো খবর পাননি রেলের কর্মীরা।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুরের কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

ট্রেনে থাকা রেলের কর্মী ও যাত্রীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন।

রেলের কর্মীদের বরাতে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও তা আর ছড়িয়ে পড়েনি।

স্টেশন মাস্টার মারুফ বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। পরে চট্টগ্রাম থেকে বিকাল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।