ইয়াবা ‘গায়েব’, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
“পত্র-পত্রিকার মাধ্যমে আমরা ইয়াবা সরানোর একটি অভিযোগ শুনেছি; সেটা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
ইয়াবা গায়েবের অভিযোগ ওঠার পর চট্টগ্রামের সাতকানিয়া থানার তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন—এসআই মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহম্মেদ ও গাজী মো. মহসিন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনিক কারণে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দিয়েছেন পুলিশ সুপার স্যার।”
ইয়াবা গায়েবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পত্র-পত্রিকার মাধ্যমে আমরা ইয়াবা সরানোর একটি অভিযোগ শুনেছি। সেটা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
“মূলত তদন্তের স্বার্থে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।”
গত শনিবার রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকা থেকে দুই সোর্সের সহায়তায় একটি ট্রাক আটক করে পুলিশ। যানটিকে সাতকানিয়ার কেরানীহাট এলাকার একটি সিএনজি স্টেশনে নিয়ে তিনটি পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
সেগুলো জব্দ না দেখিয়ে তারা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে এবং কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
