২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল সিয়ামের মৃত্যু: যে প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার

“পাঁচতলা থেকে পড়ে গেল, অথচ হাত-পা ভাঙবে না? চিকিৎসকরা দেখেও তাই বলেছে,” বলেন সিয়ামের বাবা।

মডেল সিয়ামের মৃত্যু: যে প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার

মাহমুদুল হাসান সিয়াম।

মামুন খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 12:51 AM

Updated : 28 Nov 2026, 12:51 AM

উত্তরার একটি হোটেলের নিচ থেকে ১৭ বছর বয়সি মডেল মাহমুদুল হাসান সিয়ামের মরদেহ উদ্ধারের ঘটনাটি মৃত্যু নাকি হত্যাকাণ্ড, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তার শোকে কাতর পরিবার।

ছেলেকে হারিয়ে নির্বাক মা সারাক্ষণ কান্নাকাটি করছেন; প্রাণচঞ্চল পরিবারটিতে এখন সুনসান।

এ ঘটনায় হত্যা মামলা করা হলেও সিয়ামে বাবা সেলিম মিয়া বলেছেন, “অযথা কেউ যেন হয়রানি না হয়। ছেলেটার সঙ্গে অবিচার হয়ে থাকলে, মেরে ফেললে, জড়িতদের শাস্তি হোক। আমরা চাই প্রকৃত সত্য উঠে আসুক।”

এ মামলায় মঙ্গলবার সিয়ামের তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী ও আমিরা খানকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের দিন হাসপাতালে এ আসামিদের সঙ্গে কথা বলেন তার বাবা সেলিম মিয়া। তার ভাষ্য, আসামিরা ‘এলোমেলো তথ্য’ দিয়েছেন। তারা ‘তথ্য গোপন করেছেন’ বলে তার মনে হয়েছে।

গত ৭ নভেম্বর বিকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের হোটেল অ্যাম্বাসেডরের নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী ও আমিরা খানকে সেদিনই হেফাজতে নেয় পুলিশ। ১০ নভেম্বর সিয়ামকে হত্যার অভিযোগে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

বাবা সেলিম মিয়া বলেন, সিয়াম পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন। শুটিংয়ের জন্য উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে থাকতেন। গত ৩ নভেম্বর থেকে হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর কক্ষে তারা শুটিংয়ের কাজ করছিলেন। চার দিন পর ৭ নভেম্বর খবর পান, বিকাল সাড়ে ৪টার দিকে সিয়াম কক্ষের জানালা দিয়ে পড়ে মারা গেছেন।

সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেল থেকে পড়ে যাওয়ার মতো সিস্টেম নাই বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। কারণ হোটেল রুম গ্লাস দিয়ে আবদ্ধ। সেটা খোলার সিস্টেম ছিল না।

“সিয়ামকে হত্যা করা হয়েছে বলে দুই কারণে আমাদের সন্দেহ। প্রথমত, পড়ে যাওয়ার সময় তার শরীরে পোশাক ছিল না। সেলফি তুলতে গেলে তার শরীরে কেন পোশাক থাকবে না? দ্বিতীয়ত, পাঁচতলা থেকে পড়ে গেল, অথচ হাত-পা ভাঙবে না? চিকিৎসকরা দেখেও তাই বলেছে, পাঁচতলা থেকে পড়ে গেল, হাত-পা ভাঙল না।”

তিন ছেলে আর আর এক মেয়ে সেলিম মিয়ার। ছেলেদের মধ্যে সিয়াম ছিল মেঝ।

সেলিম মিয়া বলেন, “সিয়ামের ছোটবেলা থেকেই মডেলিংয়ে ঝোঁক ছিল। ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। প্রথমে ময়মনসিংহে মাদরাসায় ভর্তি করি, কিন্তু মাদরাসা পড়বে না। জেনারেল লাইনে নিয়ে আসি। ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন ছিল। এজন্য ময়মনসিংহ পলিটেকনিকে ভর্তি করি। ও বলে বাবা এখানে পড়ে ভাল করতে পারব না। পরে ঢাকা সিটি কলেজে এনে ভর্তি করি।

“ছোটবেলা থেকে বড় সেলিব্রেটি হওয়ার আশা পুষেছিল। মিডিয়ার দিকে ঝোঁক ছিল। কয়েকটা বিজ্ঞাপনে কাজ করেছে। শাকিব খানের সঙ্গে ছবিও করেছে। কিন্তু ছেলেটার সঙ্গে এমনটা ঘটে গেল। আমরা প্রকৃত সত্যের অপেক্ষায় আছি।”

তিনি বলেন, “ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন সিয়ামের মা। সিয়াম ওর আম্মাকে অনেক ভালোবাসত। আর ওর মা ওকে পাগলের মত ভালোবাসত। সারাক্ষণ ছেলের জন্য কান্না করে। ছেলেকে হারিয়ে আমাদের বেঁচে থাকার আশা কমে গেছে।”

সেলিম মিয়ার অভিযোগ, “রিসান, মীম ও আমিরা পূর্ব শত্রুতার জেরে, তারাসহ অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছে বা মেরে জানালা দিয়ে ফেলে দিয়েছে।”

বিমানবন্দর থানায় করা মামলায় এ তিনজন ছাড়াও হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরকে আসামি করা হয়েছে। নাম ছাড়াও কয়েকজনকে আসামি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন বলেন, “ভিকটিমের সঙ্গে হোটেলে থাকা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা বলছেন, ছবি তুলতে গিয়ে পড়ে গেছে। এছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ জানা যায়নি। তদন্ত চলছে।”

আমিরা খানের আইনজীবী ফয়সাল মাহমুদ শাওন বলেন, “সিয়ামসহ চারজন মডেলিংয়ের সঙ্গে যুক্ত। রিহার্সেলের জন্য তারা পঁচ-ছয় দিন হোটেলে অবস্থান করছিল। ছবি তুলতে গিয়ে পড়ে ছেলেটা মারা যায়।”

এ আইনজীবী বলেন, “আমিরার মা বলেছে, ওই কয়দিন আমিরা তাদের সঙ্গে ছিল না। ঘটনার দিন সিয়ামই তাকে ফোন করে ডাকে। যাওয়ার আগেই ঘটনা ঘটে।

“ছেলেটা পড়ে মারা যায়। আমিরাসহ অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে পুলিশ তাদের আটক করে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। আমরা জামিন আবেদন করি। নতুন মামলা হবে মর্মে পুলিশ জানায়। পরে তো মামলা করল। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে সব জানা যাবে।”

মঙ্গলবার তিন আসামি রিসান, মীম চৌধুরী ও আমিরা খানের রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, “আসামিরা ঘটনার সময় বলছে বিকাল সাড়ে ৪টা। অথচ ভিকটিম তার ইনস্টাগ্রামে সন্ধ্যা সাড়ে ৫টায় ছবি আপলোড করেছেন।

“আসামিদের কথার সঙ্গে মামলার ঘটনার মিল নাই। আর হত্যাকাণ্ডের ওই ৩০ মিনিটের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।”

রিসান ও মীম চৌধুরীর পক্ষে আমির উদ্দিন মাহমুদ (বায়েজিদ) এবং আমিরা খানের পক্ষে ফয়সাল মাহমুদ শাওন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।

এ ঘটনাকে তারা ‘দুর্ঘটনা’ দাবি এ আইনজীবীরার বলেন, ‘সেলফি তুলতে গিয়ে সিয়াম পড়ে গিয়ে মারা গেছে’। তারা হত্যা করলে তো পালিয়ে যেতেন। তারা পালায়নি বরং ভিকটিমকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ডে আদেশ দিয়েছে।

পুরনো খবর:

হোটেলের ‘পাঁচতলার জানালা দিয়ে পড়ে’ তরুণের মৃত্যু
মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মী তিন দিনের রিমান্ডে