০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

হোটেলের পাঁচতলার জানালা দিয়ে পড়ে তরুণের মৃত্যু

নিহত তরুণ মডেলিংয়ের সঙ্গে যুক্ত বলে তথ্য দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 04:57 PM

Updated : 08 Nov 2026, 04:57 PM

রাজধানীর বিমানবন্দর থানা এলাকার একটি আবাসিক হোটেলের পাঁচতলার জানালা দিয়ে নিচে পড়ে এক তরুণ নিহত হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যা তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত 'হোটেল অ্যাম্বাসেডর’ ভবনে এই ঘটনা ঘটে।

পুলিশ হোটেলটিতে ওই তরুণের সঙ্গে থাকা তার ৩ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত মাহমুদুল হাসান সিয়াম (১৭) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য দিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- রিসান, মিম চৌধুরী এবং আমিরা খান।

বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন বলেন, “তারা মূলত শুটিংয়ের জন্য পাঁচদিন আগে ওই হোটেলে উঠেছিল। এর আগেও তারা ওই হোটেলে ছিল। তারা ওই হোটেলে থেকে বিভিন্ন জায়গায় শুটিংয়ে যেত। তারা মডেলিং এর কাজ করত বলে আমরা জানতে পেরেছি। শনিবার বিকালে হোটেল অ্যাম্বাসেডরের পঞ্চম তলার একটি কক্ষের জানালার গ্রিলের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান সিয়াম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। সেখান থেকে রাত ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সকালে সব আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানালার গ্রিলের ফাঁক দিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে সিয়ামের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ নিশ্চিত হওয়া যাবে।”

আটকদের বিষয়ে এসআই আলমগীর বলেন, “সিয়ামের সঙ্গে রিসান, মিম চৌধুরী ও আমিরা খান নামে তিনজন বন্ধু ছিলেন। তাদের আটক করে আদালতে চালান করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, রিসান এবং মিমের মধ্যে সম্পর্ক ছিল। তবে নিহত সিয়াম এবং আমিরার মধ্যে কোন সম্পর্ক ছিল ছিল কিনা সে ব্যাপারে আমরা কিছু বলতে পারব না। এ ব্যাপারে আমিরা খানকে প্রশ্ন করা হলে, তিনি বলেছেন সিয়াম তার পূর্ব পরিচিত। এ ঘটনায় এখনো মামলা হয়নি।”