ডেঙ্গুতে বাবা, কিডনি রোগে বোন রাজশাহী মেডিকেলে, দোতলা থেকে পড়ে শিশুর মৃত্যু
হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে দুই বছরের শিশুটি পড়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ওয়ার্ডের দুইতলার বারান্দা থেকে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপাত্র চিকিৎসক শেখ শামীম আহমেদ।
তিনি বলেন, নিহত শিশুর নাম আবু হুরাইরা। তার বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। শিশুটির বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ ছাড়া শিশুটির ছয় বছর বয়সি বড় বোন কিডনি রোগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি আছে।
স্বামী ও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন মা সেলিনা বেগম। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমানো টাকাও প্রায় শেষ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
সেলিনা বেগম বলেন, “প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ডে থাকা আবু হুরাইরা হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। এক পর্যায়ে সেখান থেকে নিচে পড়ে আহত হয় সে। বারান্দাটিতে নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না।”
চিকিৎসক শেখ শামীম আহমেদ বলেন, “ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। শিশুটি খেলতে খেলতে পড়ে গেছে।”
তিনি বলেন, শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও স্যালাইন দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়।
হাসপাতালের দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান হাসপাতালে মুখপাত্র।
