হত্যার ৩৬ ঘণ্টা পর মর্গ থেকে যুবলীগ নেতার ভাইয়ের লাশ নিল পরিবার
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় জড়িত সন্দেহে সোমবার রাতে মেহেদী পিটিয়ে হত্যা করা হয়।
ময়মনসিংহে এক যুবলীগ নেতার ভাই স্থানীয়দের পিটুনিতে নিহত হওয়ার ৩৬ ঘণ্টা পর মর্গ থেকে তার মরদেহ নিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘর থেকে নিহতের স্ত্রী ও স্বজনরা মরদেহ নিয়ে যান বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন।
নিহত মেহেদী হাসান (৩১) নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় জড়িত সন্দেহে সোমবার রাতে মেহেদী পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মেয়ের সামনেই তাকে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা রাতে সড়ক অবরোধ করেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাত ১টার দিকে মেহেদীদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরে সেখানে মেহেদীকে পেয়ে পিটিয়ে হত্যা করে উত্তেজিত লোকজন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর থেকে তার মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। তারপর থেকে দীর্ঘ সময় ধরে তার লাশ সেখানেই ছিল।
হাসপাতালের লাশ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন লাশঘরে এসেছিলেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান। তখন তাদের থানায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হলেও তারা আর যাননি।
পরে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পরে মেহেদীর মরদেহ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পুলিশ। তাদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়।
এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুই হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার বিকালে সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা হলেও মেহেদী হাসান হত্যায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।
এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
