০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মজুরি আন্দোলন: অবরোধের ৩ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

শিল্প পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 06:33 PM

Updated : 03 Nov 2026, 06:53 PM

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। এক পর্যায়ে তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিল্প পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় বলে জানিয়েছেন ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ রুহুল আমীন সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পরে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকেরা। তখন পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে শ্রমিকরা সেখানে থেকে সরে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ মিছিল করে মহাসড়কে জড়ো হন। এ সময় তারা দাবি পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তখন একেএইচ, মেক্সকম, এজেআইসহ সকল কারখানা শ্রমিকরাও জড়ো হতে থাকেন।

এ সময় মহাসড়কের উভয়পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন আটকা পড়ে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও পথচারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ট্রাফিক পুলিশের পরিদর্শক রুহুল আমীন সোহেল বলেন, শিল্প পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিন।

সাভার হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান নূর বলেন, বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।