ময়মনসিংহে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
এ সময় বৈঠা, মশাল, লাঠি ও ব্যানারসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।
ময়মনসিংহে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মশাল, বৈঠা, লাঠি ও ব্যানারসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।
শুক্রবার জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে আটজনকে তারাকান্দা উপজেলা থেকে এবং তিনজনকে নগরীর কাঁচিঝুলি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া কোতোয়ালী থানা এলাকায় মশাল মিছিলের প্রস্তুতিকালে পুলিশের অভিযানে সরঞ্জাম ফেলে পালিয়ে যান নেতাকর্মীরা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন "গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকালে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজারে সাইদুল মেম্বারের বাড়ির সামনে মশাল মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে আব্দুল্লাহ আল রবিন (২৩), জীবন মিয়া (২৫), আসাদিন (৩২), নূর আলম (৩৩), তুহিন ইসলাম (২৮), সেলিম (২৯), আব্দুল কাদির ও বিল্লালকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে সাতটি মোটরসাইকেল, আটটি অটোরিকশা ও চার বান্ডিল লাঠি উদ্ধার করা হয়।
এর আগে বিকাল ৫টার দিকে নগরীর কাঁচিঝুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- কোতোয়ালীর রহমতপুর এলাকার নয়ন (১৫), ঢোলাদিয়া এলাকার আরাফাত (১৬) এবং ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকার হৃদয় (১৮)।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসগামী সড়কের নটর ডেম কলেজসংলগ্ন জালালের মোড় এলাকায় অভিযান চালায় কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ১২টি বৈঠা, ১৯টি মশাল স্টিক, বাঁশের লাঠি ও ব্যানার উদ্ধার করা হয়।
