১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিমানের উড়োজাহাজ লিজ ও কার্গো বিমান রূপান্তরে বিনিয়োগে আগ্রহী হাইবারি গ্রুপ

হাইবারি গ্রুপের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:16 PM

Updated : 10 Nov 2026, 06:16 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে উড়োজাহাজ লিজ দেওয়া এবং বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটারে (কার্গো উড়োজাহাজ) রূপান্তরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন কোম্পানি হাইবারি গ্রুপ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো এ আগ্রহের কথা জানান।

উড়োজাহাজ কেনা, অর্থায়ন, লিজ দেওয়া এবং সম্পদ ব্যবস্থাপনায় হাইবারি গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তিনি বৈঠকে তুলে ধরেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে হাইবারি গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন, উড়োজাহাজ লিজ ও অর্থায়ন এবং কার্গো পরিবহনের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

সাক্ষাৎকালে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ ক্ষেত্রে উড়োজাহাজের উড্ডয়নকাল (ফ্লাইং আওয়ার), রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় কঠোরভাবে যাচাই করা হবে।

দেশে কার্গো পরিবহনের চাহিদা বাড়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমানের বর্তমান বহর থেকে দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী ডেডিকেটেড ফ্রেইটারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা ও আয় বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাইবারি গ্রুপের কাছ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান মন্ত্রী।