ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, টিআরএম বাস্তবায়নের দাবি
‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভবদহের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে; তবে স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় এসব তথ্য ও দাবি উঠে আসে।
২০৩০ সাল পর্যন্ত মেয়াদি প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় সেচব্যবস্থার উন্নয়ন, পাম্প স্থাপন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এতে ১৭ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে ৭০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ভবদহ এলাকায় ছোট-বড় ৫২টি বিল রয়েছে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ২১টি উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “সরকার দ্রুত ভবদহ সমস্যার সমাধান করতে চায়। বিএডিসির প্রস্তাবিত প্রকল্পটি টিআরএমের সহযোগী প্রকল্প হিসেবে কাজ করতে পারে। ভবদহ এলাকার মাটির পিএইচ ৬ দশমিক ২৫, যা কৃষির জন্য উপযোগী। পাম্পের মাধ্যমে পানি সরবরাহের পাশাপাশি উন্মুক্ত মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।”
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে প্রায় ৬০ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদিত হয়েছে এবং আইভিএম, সিজিএস ও বুয়েটের সহযোগিতায় এর কাজ এগোচ্ছে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি উদ্যোগ নিতে হবে।”
তিনি ভৈরব ও মুক্তেশ্বরী নদীর সংযোগ এবং আমডাঙা খালসহ সংশ্লিষ্ট নদী-খালের পানিপ্রবাহ সচল করার ওপর গুরুত্বারোপ করেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়া প্রয়োজন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বলেন, জলাবদ্ধতার কারণে এলাকার শিশুদের শিক্ষাকার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ সমস্যা বিবেচনায় শিক্ষা সহায়ক উঁচু ভবন নির্মাণের বিষয়টি ভাবা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেন, স্থানীয় মানুষের চাহিদা বিবেচনা করেই বিএডিসির প্রকল্প নেওয়া হয়েছে। এলাকার মানুষ প্রকল্পটি না চাইলে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
উন্মুক্ত আলোচনায় ভবদহ পানি নিষ্কাশন কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ বলেন, “ভবদহের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে টিআরএম কার্যকর সমাধান। শুধু সেচব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। টিআরএম ছাড়া সেচ প্রকল্পকে বিকল্প হিসেবে আমরা মেনে নেব না।”
কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, মাথাভাঙা নদীর সঙ্গে ভৈরব নদীর সংযোগ স্থাপন করা প্রয়োজন। বিএডিসির সেচ প্রকল্প বাস্তবায়িত হলেও সেটিকে টিআরএমের বিকল্প হিসেবে দেখা যাবে না।
যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক অপরিকল্পিত ঘেরের বাঁধ অপসারণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী সেচ প্রকল্পের পাশাপাশি টিআরএম চালু রাখা এবং আইন অনুযায়ী ঘেরের বেড়ি নির্মাণের ওপর গুরুত্ব দেন।
জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, নদী-খাল পুনরুদ্ধারের পাশাপাশি মাছ চাষের জন্য নদীতে নির্মিত বাঁধ অপসারণ করতে হবে।
নদী খননকাজের অগ্রগতি তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ বলেন, ৮২ কিলোমিটার নদীর মধ্যে ৬০ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বাকি কাজ শেষ হবে। তবে নদীতে পলি জমা ঠেকাতে নিয়মিত পলি ব্যবস্থাপনা জরুরি।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, আমডাঙা খালের কাজ বাস্তবায়নে প্রায় ১৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।
সভায় আরও বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং স্থানীয় কৃষক প্রদত্ত বিশ্বাস ও কামরুজ্জামান।
