রাজশাহীতে মুহসীন উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধানমন্ত্রী
জনসভায় বক্তব্য দেওয়ার পর রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ দেখতে যাবেন তিনি।
শারদীয় দুর্গোৎসবের মধ্যে তিন নগরী সফরের অংশ হিসেবে রাজশাহী পৌঁছানোর পর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে রংপুর সফর শেষে বেলা ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
সেখানে তাকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।
বিমানবন্দর থেকে সরাসরি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ করবেন।
জনসভায় বক্তব্য দেওয়ার পর রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ দেখতে যাবেন তিনি। এরপর সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ সেরে রওনা হবেন চট্টগ্রামের উদ্দেশ্যে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর।
এর আগে সকালে তিনি রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারপর সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহী আসেন তিনি।
রাজশাহীর কর্মসূচি শেষে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান।
চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
