মাদারীপুরে ইট ভাঙার মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে পড়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁ’র ছেলে।
স্বজন ও স্থানীয়রা বলছে, চরমুগরিয়া থেকে ইট ভাঙার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিখে যাচ্ছিল। পথে রাস্তা পার হওয়ার সময় মেশিনটি শিশুটিকে চাপা দেয়।
গুরুতর অবস্থায় আরিয়ানকে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
