২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ইসলামের প্রাথমিক যুগের নিদর্শন ভ্রমণ

চীনে আসার পর থেকেই আমার ইচ্ছা ছিল গুয়াংঝৌ যাওয়ার। এখানে রয়েছে ইসলামের একেবারে প্রাথমিক যুগের নিদর্শন- হুয়াইশেং মসজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ আসাদুজ্জামান খান, চীনের লুঝৌ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 11:23 AM

Updated : 11 Oct 2022, 12:18 PM

চীনে আমার সময়ের প্রায় পুরোটাই কেটেছে মধ্য-চীনে এবং দক্ষিণ-পশ্চিমে। মাঝে মাঝে অন্য কিছু জায়গা ঘুরে দেখা হলেও গুয়াংঝৌ যাওয়ার সময়-সুযোগ ঠিক হয়ে উঠছিল না। অবশেষে হঠাৎ করেই সুযোগ এসে গেল।

জিনান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সাহেব আমন্ত্রণ জানিয়ে বসলেন তার ওখানে একটা ব্যক্তিগত সেমিনারে অংশ নেওয়ার জন্য। সাপ্তাহিক ছুটির দু’টো দিন কাটানোর উদ্দেশ্যে গুয়াংঝৌ পৌঁছলাম শনিবার সকালে। খুবই বিরক্তিকর ভ্রমণ।

আমাদের লুঝৌ শহরের বিমানবন্দর অকার্যকর হয়ে আছে গত এক বছর ধরে। মধ্য রাতে বাস ভ্রমণ করে সকাল সাড়ে ৬টায় ছোংছিং থেকে বিমান ধরে গুয়াংঝৌ পৌঁছে সারাদিন বিশ্ববিদ্যালয়ে সেমিনার, গবেষণাগার-দর্শন ইত্যাদি করে সন্ধ্যায় যখন হোটেলে ফিরলাম, শরীরের অবস্থা তখন একেবারেই ভঙ্গুর। প্রায় ৩৬ ঘণ্টা নির্ঘুম রাত, ভ্রমণ ক্লান্তি আর সেমিনারের অবসাদ। 

কিন্তু হাতে সময় কম। বিশ্রামের সময় এটা নয়। বেরিয়ে পড়লাম রাতের গুয়াংঝৌ দেখতে। সময় কাটালাম বিখ্যাত পার্ল নদী (যেটাকে ক্যান্টন নদীও বলে, চৈনিক ভাষায় ‘ঝু-জিয়াং’)।

নদীতে ভাসমান জাহাজগুলো আর নদীর দুই তীরে বিস্তৃত ভূমির উপর আকাশচুম্বী অট্টালিকাগুলো নিয়ে আলোকিত রাতের শহর দারুণ লাগছিল এই আধুনিক গুয়াংঝৌ শহর। পাশেই ছিল বিখ্যাত ‘ক্যান্টন টাওয়ার’। ৬০৪ মিটার উচ্চতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে যেন সে গর্ব নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছিল। 

পরদিন সকালে বেরিয়ে পড়লাম গুয়াংঝৌ ঘুরতে। হাতে মাত্র এই একদিনই আছে। সন্ধ্যায় ফিরতি বিমান। এই শহরে ঘোরাঘুরি সহজ। মেট্রোরেলের মাধ্যমে পুরো শহর সংযুক্ত। অল্প দূরত্বের জন্য কেউ চাইলে ভাড়ায় সাইকেল নিতে পারেন। তবে ট্যাক্সি ভাড়া খুব বেশি। 

সান-ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে মেট্রো লাইন-১ ধরে চলে গেলাম ‘ইউএসিউ ডিস্ট্রিক্ট’-এর ‘সি’মেনখৌ’ স্টেশনে। এখান থেকে হাঁটা পথের দূরত্বে হুয়াইশেং মসজিদ বা ‘দ্য গ্রেট মস্ক অব ক্যান্টন’।

প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন হযরত মুহাম্মদের একজন প্রিয় সহচর হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস। কোনো কোনো ঐতিহাসিকদের মতে, তিনি প্রথম চীনে এসেছিলেন ৬২০ সালে। আর  মসজিদটি নির্মিত হয়েছিল ৬২৭ সালে।

তবে অধিকাংশ ইতিহাসবিদই মনে করেন, তিনি ৬১৯-৬২০ সালে প্রথম চীনে এলেও তখন মসজিদ নির্মাণ করতে পারেননি। মসজিদ নির্মাণ হয়েছিল তার পরবর্তী রাষ্ট্রীয় ভ্রমণের সময়ে। সম্ভবত খলিফা হযরত উসমানের সময়কালে।

 সম্ভবত এই মসজিদের নির্মাণকাল এবং ‘গ্রেট মস্ক অব সি আন’-এর নির্মাণকাল কাছাকাছি সময়ে (৬৫০-৬৫১ সালে), যে মসজিদের কথা আমি আগের এক লেখায় বর্ণনা করেছিলাম।

হুয়াইশেং মসজিদের বিশেষত্ব হচ্ছে এর সু-উচ্চ মিনার (৩৬ মিটার)। কোনো এক সময়ে এই মিনার বাতিঘরের কাজও করত বলে এই মসজিদকে ‘লাইটহাউজ মস্ক’ও বলা হয়।

চতুর্দশ ও সপ্তদশ শতাব্দীতে এই মসজিদের সংস্কার করা হলেও তেরশ’ বছর আগের ‘থাং ডাইন্যাস্টির’র সময়ে মূল মসজিদের চারদিকে নির্মিত ছোট সীমানা-প্রাচীর এখনও বিদ্যমান। প্রাচীন সেই কূপগুলো, অযু করার জায়গা এখনও বিদ্যমান কালের সাক্ষী হয়ে আছে। 

হুয়াইশেং মসজিদ থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার দূরত্বে ‘ইউএসিউ পার্ক’-এর সামনে আরেক মসজিদে গেলাম। মূলত এই মসজিদই ‘সাহাবা মসজিদ’ হিসেবে পরিচিত। আমি ঠিক নিশ্চিত নই, এই মসজিদটি হযরত সা’দ বিন আবি ওয়াক্কাসের নির্মিত নাকি পরবর্তী সময়ে তার স্মরণে নির্মিত। তবে এটা নিশ্চিত, এখানে তিনি ও তাঁর সহচরেরা বসবাস করতেন।

এখানে অনেকগুলো কবর রয়েছে, যার একটিকে অনেকেই হযরত সা’দ বিন আবি ওয়াক্কাসের কবর বলে মনে করেন। তবে ইসলামের ইতিহাস অনুসারে, তাঁর কবর মদীনায়। সম্ভবত তার কোনো নিকটতম বংশধর অথবা নিকটতম সহচরের কবর হতে পারে এটা। 

‘সাহাবা মসজিদ’ এলাকাটি বিশাল এবং মসজিদের আয়তনও অনেক বড়। হুয়াইশেং মসজিদের চেয়ে এখানে মুসল্লী ও পর্যটকের ভীড় বেশি। হয়তো কবর জিয়ারত অনেকের মূল উদ্দেশ্য। এখানকার বিশেষ আকর্ষণ হযরত সা’দ বিন আবি ওয়াক্কাসের খননকৃত কূপ, যা সুমিষ্ট পানি সরবারহ করে। 

মনের মধ্যে অদ্ভুদ এক পবিত্রতাবোধ করছিলাম। ইসলামের জন্মভূমি থেকে বহুদূরে পূর্ব-এশিয়ার এই এলাকায় ইসলাম এসেছে ১ হাজার ৪০০ বছর আগে- ভাবতেই অবাক লাগে! 

দুই মসজিদ ঘুরেই দিন কাটিয়ে দিলাম। শহরের আর কিছু দেখা হলো না। সময় শেষ। বিমানে উঠে মনে হলো, খুব সংক্ষিপ্ত অথচ নিজের চাওয়া কানায় কানায় পূর্ণ করে সফর শেষে ফিরছি। 

লেখক: চীন প্রবাসী

ইমেইলঃ asadkhanbmj@yahoo.com

এই লেখকের আরও লেখা

তেলপত্রের ছাতা: চীনা ঐতিহ্যের ধারক

বসন্তের রূপ

ভীতু রাজা কবরে নিলেন মাটির সেনাবাহিনী 

চীনের ‘সি আন’: ইসলামের ইতিহাস সমৃদ্ধ এক নগরী

চীনের সবুজ চায়ের গল্প  

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াই ভালোবাসা আর সহমর্মিতা নিয়ে

আমাদের প্রবাসী ঈদ  

আমাদের প্রবাসী রমজান

হাজিয়াংয়ের নাম না জানা পর্বতে বুনো অভিজ্ঞতা

চীনের লাল খাম ‘হংবাও’

এশিয়ার দীর্ঘতম নদীর পাড়ে

ফুলের রাজ্যে আর পরীদের পাহাড়ে

প্রথম মার্কিন মুলুক ভ্রমণ

চীনে বর্ষাবিলাস ও বরফবিলাস

'গুইঝৌ'র আকাশের কাছাকাছি

এক চীনা মুসলিম পরিবারের আতিথেয়তার কথা

মাও-এর শহর চাংশায় কিছুদিন

চীন থেকে 'শিন নিয়ান খুয়াই লা'

চীনের সবুজ শহর লুঝৌ

চীনের দুই হাজার বছরের পুরনো সেচব্যবস্থা

ভিয়েতনাম যুদ্ধের অনন্য নিদর্শন ‘কু চি’টানেল

হো চি মিনের নানা রঙের মানুষ

ভিয়েতনামের ম্যানগ্রোভ বনে

মেঘের ওপরে সবুজ দেশে

মেকং ডেল্টা: যেখানে বরিশালের গন্ধ পাওয়া যায়

মিয়াওদের দেশে, ফিনিক্স পাখির শহরে

পাহাড়ি লাল নদীর খোঁজে

ভালো থাকুক আমাদের প্রিয় শিক্ষকেরা

জুয়ার শহর ম্যাকাওয়ে প্রবাস জীবন

'ওরা তো আমেরিকার সাথে যুদ্ধ করে জিতেছে'

চীনা বাঁশের সাগর

ভিয়েতনামের দিনলিপি: শুরুর দিনগুলো

সাগরযাত্রা, অতঃপর হংকংয়ে দেড়দিন

চীনাদের আরও কয়েকটি গুণের গল্প

চীনাদের ভালোমানুষীর গল্প

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!