হবিগঞ্জের চা বাগানে শ্রমিকদের আনন্দ, মিষ্টি বিতরণ
শ্রমিকরা জানিয়েছেন, সোমবার থেকে তারা পুরোদমে কাজে যোগ দেবেন।
৫০ টাকা বাড়িয়ে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ হওয়ায় আনন্দ-উল্লাস করেছেন হবিগঞ্জের চা শ্রমিকরা। তারা মিষ্টিও বিতরণ করেছেন।
রোববার সকাল থেকেই হবিগঞ্জের ২৪টি বাগানে উৎসবের আমেজ দেখা গেছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক শ্রমিক কাজে যোগ দেননি।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর এখন বাগানে বাগানে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।
দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দুপুর চা বাগানের এই শ্রমিক বলেন, “রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় চা শ্রমিকরা কাজে যোগ দেয়নি। সোমবার সকাল থেকেই তারা রুটিন অনুযায়ী কাজে যোগ দিবে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে কোনো দ্বিধা নেই।”
আন্দোলনের ১৯তম দিনে শনিবার বিকালে চা বাগান মালিক পক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন এই মজুরির ঘোষণা আসে। রোববার সকাল থেকে চা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য বাগানের সেকশনে সেকশনে ভিড় করেন।
চুনারুঘাট উপজেলায় বেশ কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, নাচ-গানের পাশাপাশি আনন্দ শোভাযাত্রা করেন শ্রমিকরা। ঢোলের তালে তালে নিজস্ব সংস্কৃতির নাচ প্রদর্শন করেন শ্রমিকরা।
এ ছাড়া অনেক শ্রমিককে প্রতীকী নৌকা নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করেও স্লোগান দেন।
সেকশনে আসা চান্দপুর চা বাগানের শ্রমিক অঞ্জলি বাউরি ও সন্ধ্যা বাগতির সঙ্গে কথা হলে তারা জানান, এই মজুরিতেও তাদের চলতে কষ্ট হবে। কিন্তু আন্দোলন চালিয়ে গেলেও তো মজুরি মিলবে না। ফলে তারা সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ইচ্ছাই রাখছেন।
বাংলাদেশ চা শ্রমিক নারী সংগঠনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী ভৌমিক বলেন, “আমাদের দাবি ছিল ৩০০ টাকা মজুরি। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন আমরা তাতেই খুশি। আমরা আনন্দ নিয়ে সোমবার থেকে কাজে ফিরে যাব।”
চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সম্মানে রোববারের দিনটি কাটাব। সারা দিন প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে আনন্দ মিছিল করব। মিষ্টি বিতরণ করব। নাচ-গান করব আর প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করব। উনি যাতে সব সময় ভালো থাকেন।”
দুপুরে চান্দপুর চা বাগানে আসেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। এ সময় তিনি শ্রমিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
সিদ্ধার্থ ভৌমিক বলেন, “প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করায় শ্রমিকরা আনন্দ-উল্লাস করছেন শুনেই আমি আর অফিসে থাকতে পারলাম না। আমি শ্রমিকদের সঙ্গে দিনটি উদযাপন করতেই তাদের কাছাকাছি চলে এসেছি।
মজুরি বাড়ানোর পর প্রধানমন্ত্রী রোববার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এবং শিগগির শ্রমিকদের আগ্রহ অনুযায়ী তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় তিনি আরও বলেন, একই সঙ্গে বাড়তি চা পাতা তোলা, উৎসব বোনাসসহ শ্রমিকদের আনুপাতিক হারে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছেন চা বাগান মালিকরা।
বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মৌলভীবাজারে চা বাগানে কাজ শুরু, ‘পুরোদমে’ সোমবার
বৈঠকে বসছেন চা শ্রমিক নেতারা, বিকালে আনন্দ মিছিল
কাজে ফিরেছেন চা শ্রমিকরা, সিলেটের বাগানে বাগানে প্রাণচাঞ্চল্য
মজুরি বৃদ্ধিতে খুশি চা-শ্রমিকরা: শ্রমিকনেতা নৃপেন পাল
কাজে যোগ দেওয়ার কথা বললেন চা শ্রমিক নেতারা
প্রধানমন্ত্রী ও বাগান মালিকদের বৈঠকের দিকে চোখ চা শ্রমিকদের
মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা
চা শ্রমিক আন্দোলনের সমর্থনে মানববন্ধন শিক্ষার্থীদের
চা শ্রমিক আন্দোলন অব্যাহত: মৌলভীবাজারে কয়েক স্থানে অবরোধ
শ্রমিক ধর্মঘট: মৌলভীবাজারে ফিনলে টি’র ৫ বাগানের জিডি
কর্মবিরতির মধ্যে শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে চা শ্রমিকরা
বাগানে বাগানে মিছিল, এমপিকে স্মারকলিপি চা শ্রমিকদের
ভরা মৌসুমে শ্রমিক ধর্মঘটে শঙ্কায় চা বাগান
মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা
১২০ টাকায় কীভাবে সংসার চলে, প্রশ্ন চা শ্রমিকের
অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা
মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি
বেতন বৃদ্ধির দাবিতে ২৪১ চা বাগানে চলছে কর্মবিরতি
‘জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ` মজুরি চান শ্রমিকরা
মৌলভীবাজারে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, নানামুখী চাপে চা-শিল্প
বাগানে বাগানে মৌলভীবাজারের ডিসি, কর্মবিরতিতে অনড় চা শ্রমিক
চা শ্রমিকদের এক ঘণ্টার অবরোধে সিলেটের পথে ট্রেন চলাচল ব্যাহত
সিলেটে পঞ্চায়েত ও চা শ্রমিক নেতাদের বৈঠক, কর্মবিরতি থাকছেই
মজুরি বৃদ্ধির দাবি: হবিগঞ্জে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
সিলেটের ২৩টির মধ্যে কাজে ফিরেছেন চার বাগানের শ্রমিক
চা শ্রমিক ইউনিয়ন কাজে ফিরছে ১২০ টাকা মজুরিতেই
চা শ্রমিকের মজুরি বেড়ে ১৪৫ টাকা, আন্দোলন প্রত্যাহার
