কাজে যোগ দেওয়ার কথা বললেন চা শ্রমিক নেতারা
প্রধানমন্ত্রীর ঘোষণা শুনতে শ্রমিকরা বাগানে বাগানে জড়ো হয়েছিলেন।
চা শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা কাজে যোগ দেওয়ার কথা বলেছেন।
আন্দোলনের ১৯তম দিনে শনিবার বিকালে চা বাগান মালিক পক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন এই মজুরির ঘোষণা আসে।
ঘোষণা শোনার জন্য হবিগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা জড়ো হয়েছিলেন।
ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ১৭০ টাকা মজুরি ঘোষণা করা হয়েছে। আমরা ১৯ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। এই ঘোষণায় আমরা খুশি। কাল থেকে আমরা শ্রমিকদের কাজে যোগদানের জন্য বাগানে বাগানে খবর পাঠাচ্ছি।”
একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, “প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আমরা রাজী। কারণ, শ্রমিকরা তাদের বক্তব্যে বারবার বলেছেন, প্রধানমন্ত্রী যা বলবেন আমরা তাতেই রাজী থাকব এবং কাজে ফিরে যাব।”
এ ব্যাপারে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি নুর মোহামদ বলেন, “প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন এবং আমাদের মজুরি ৫০ টাকা বাড়িয়েছেন এতে আমরা খুশি। কাল রোববার ছুটির দিন, তবুও আমরা কাজে যাবো।”
চা শ্রমিক নেতা পরেশ কালিন্দি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর রোববার থেকে কাজ শুরু করার জন্য তারা প্রত্যেক ভ্যালির বাগান পঞ্চায়েত কমিটির কাছে খবর পাঠাচ্ছেন।
তিনি আরও বলেন, “রোববার লেবার হাউজে বৈঠক করে আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।”
এদিকে রাতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে শ্রমিকরা আনন্দ মিছিল করেছেন।
কাজে যাবেন কি না জানতে চাইলে হবিগঞ্জের চান্দপুর চা বাগানের শ্রমিক ভাস্কর ভৌমিক বলেন, “১৯ দিন ধরে আন্দোলন করেছি। মজুরি ৫০ টাকা বেড়েছে। এই বাজারে চলা দায়। তারপরও কাল থেকে কাজে যাব।”
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, “প্রধানমন্ত্রী নিজে মজুরি বাড়িয়েছেন। আমি মনে করি, সবার সেটা মানা উচিত।”
এ সময় তিনি সবাইকে কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান।
মজুরি বাড়ানোর পর প্রধানমন্ত্রী রোববার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এবং শিগগির শ্রমিকদের আগ্রহ অনুযায়ী তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
বৈঠক শেষে সন্ধ্যায় তিনি আরও বলেন, একই সঙ্গে বাড়তি চা পাতা তোলা, উৎসব বোনাসসহ শ্রমিকদের আনুপাতিক হারে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছেন চা বাগান মালিকরা।
বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
