মৌলভীবাজারে চা বাগানে কাজ শুরু, ‘পুরোদমে’ সোমবার
প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে কাজে ফিরেছেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
দুই সপ্তাহের বেশি সময় ধরে কর্মবিরতির পর প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কাজে ফিরেছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা।
মৌলভীবাজারের ৯২টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে রোববার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।
তবে রোববার জেলার বাগানগুলোতে সাপ্তাহিক বন্ধ থাকায় সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে বাংলাদেশের চা সংসদের নেতা তাহসিন আহমদ চৌধুরী জানিয়েছেন।
এদিকে চা শ্রমিকরা বলছেন, টানা কর্মবিরতির পর কাজে ফিরতে পেরে তারা ‘খুশি’। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১২০ টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর ছিল। প্রধানমন্ত্রীর ১৭০ টাকা মজুরির ঘোষণাকে স্বাগত জানিয়ে তারা কাজে ফিরেছেন।
গত ৯ অগাস্ট থেকে ৩০০ টাকা দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশের মতো মৌলভীবাজার জেলার সবগুলো চা বাগানে প্রথমে দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। কিন্তু তাদের দাবি আদায় না হওয়ায় ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতিতে নামেন তারা। এরপর ২১ অগাস্ট রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতাদের বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী আসন্ন দূর্গাপুজার আগে নতুন মজুরি ঘোষণা করবেন।
তার আগ পর্যন্ত চলমান ১২০ টাকা মজুরিতেই কাজে যোগ দেওয়ার অনুরোধ করা হয় চা শ্রমিকদের। সেই প্রস্তাব মেনে প্রথমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও একদিন পর আবারও কর্মবিরতিতে নামেন শ্রমিকরা। অবশেষে শনিবার প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্যে দিয়ে তাদের আন্দোলনের অবসান হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, “প্রধানমন্ত্রীর বার্তা সব বাগানেই পৌঁছে দেওয়া হয়েছে। আজ কোনো কোনো বাগানে নগদ (একদিনের মজুরিতে) কাজ করছেন শ্রমিকরা। এর মধ্য দিয়ে চা বাগানগুলোতে প্রাণ ফিরে এসেছে।”
বাংলাদেশীয় চা সংসদের সিলেট শাখার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষণার পর আজ বাগানে কাজের জন্য অনেক শ্রমিক এসেছেন। রোববার যেহেতু সাপ্তাহিক ছুটি তাই অনেক শ্রমিক আসেনি। আমরা পাতা তোলার জন্য কাউকে চাপ দেইনি।”
পাতা তোলার আগেও কিছু কাজ থাকে, এখন সেগুলো চলছে বলে জানান এ শ্রমিক নেতা।
তিনি বলেন, “ফ্যাক্টরিতে প্রি-ওয়েদারিং হাউজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। শ্রমিক যারা এসেছেন, তারাই এই কাজ করছেন। কারণ, এখানেই নতুন পাতা এনে রাখা হবে। পরিষ্কার না করলে পাতা নষ্ট হবে। আশা করছি, সোমবার থেকে পুরোদমে পাতা তোলার কাজ শুরু হবে।”
