মজুরি বৃদ্ধিতে খুশি চা-শ্রমিকরা: শ্রমিকনেতা নৃপেন পাল
"রোববার সাপ্তাহিক বন্ধ থাকলেও লস্করপুর ভ্যালির সব বাগানেই কাজে ফিরবেন শ্রমিকরা,” বলেন তিনি।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ায় হবিগঞ্জের লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে শ্রমিকনেতা নৃপেন পাল জানিয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “আমাদের মা জননী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাদের দাবি পূরণ করেছেন। এতে আমরা চা শ্রমিকরা খুশি।
"রোববার সাপ্তাহিক বন্ধ থাকলেও লস্করপুর ভ্যালির সব বাগানেই কাজে ফিরবেন শ্রমিকরা।”
নৃপেন পাল আরও বলেন, “আন্দোলন চলাকালে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করার জন্য আমরা ক্ষমা প্রার্থী।”
গত ৯ অগাস্ট থেকে হবিগঞ্জের ২৪টি চা-বাগানসহ দেশের বিভিন্ন এলাকায় চা-বাগানগুলোতে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবীতে প্রথমে কর্মবিরতি ও পরে রাজপথে অবরোধ তৈরি করেন। এর মধ্য শ্রম অধিদপ্তর ও মালিকপক্ষ ১২০ টাকা মজুরির স্থলে ২৫ টাকা বৃদ্ধি করে ১৪৫ টাকা দিতে সম্মতি জানালেও চা-শ্রমিকরা তা প্রত্যাখান করে আন্দোলন অব্যাহত রাখেন।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন।
চানপুর চা-বাগানের শ্রমিক ভাস্কর ভৌমিক বলেন, “আমরা গত ১৯ দিন ধরে ন্যায্য মুজরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছি। প্রধানমন্ত্রী নিজে আমাদের মজুরি বৃদ্ধি করে দেওয়ায় আমারা অত্যান্ত খুশি।
“শেখ হাসিনা আমাদের মা। আমাদের শেষ আশ্রয়স্থল একমাত্র তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণায় রোববার থেকে শ্রমিকরা কাজে ফিরবে।”
