২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ‘একটি কুঁড়ি দুটি পাতা’ নিয়ে চা শ্রমিকদের মিছিল

শ্রমিকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েও স্লোগান দেন

শ্রীমঙ্গলে ‘একটি কুঁড়ি দুটি পাতা’ নিয়ে চা শ্রমিকদের মিছিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শ্রমিকরা রোববার বিকালে চা পাতা ও ফুল নিয়ে আনন্দ মিছিল বের করে।

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 08:51 PM

Updated : 28 Aug 2022, 08:53 PM

দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুরোদমে কাজে ফেরার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

রোববার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান থেকে শত শত চা শ্রমিক আনন্দ মিছিল বের করে। তাদের অনেকের হাতেই ছিল চা গাছের ‘একটি কুঁড়ি দুটি পাতা’।

দুপুরের পর থেকেই বিভিন্ন বাগান থেকে শত শত শ্রমিক এসে শ্রীমঙ্গলের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। বিকাল সাড়ে ৫টায় শ্রমিক নেতারা ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের লেবার হাউসের সামনে আসেন। সেখানে তারা সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এ সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, “প্রধানমন্ত্রী দেশের চা শ্রমিক ও তাদের পরিবারের অভিভাবক। তিনি চা শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা জানেন।

“মালিক পক্ষ যখন আমাদের দাবি মানেননি তখন প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে সমাধান করে দিয়েছেন। আমাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকা করে দিয়েছেন। অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়িয়ে দিয়েছেন। এজন্য আজ আমরা চা পাতার কুঁড়ি ও ফুল হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করেছি।”

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি।

বক্তব্য শেষে বাদ্যযন্ত্রের তালে তালে লোবার হাউসের সামনেই আনন্দ উচ্ছাসে মেতে উঠেন শ্রমিকরা। মিছিলটি পুনরায় শ্রীমঙ্গল শহর প্রদক্ষিণ করে ভাড়াউড়া চা বাগানে গিয়ে শেষ হয়।

এদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সরাসরি হস্তক্ষেপ করায় চা শ্রমিকদের আরেক অংশের নেতা বিজয় বুনার্জীও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আন্দোলনের ১৯তম দিনে শনিবার বিকালে চা বাগান মালিক পক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন এই মজুরির ঘোষণা আসে।

এ ঘোষণার পর রোববার সকাল থেকে চা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য বাগানের সেকশনে সেকশনে ভিড় করেন। সপ্তাহিক ছুটি থাকলেও অনেককেই কাজে যোগ দিতে দেখা গেছে। কাজে ফিরতে পেরে সাধারণ শ্রমিকরাও খুশি।

শ্রীমঙ্গলের কাকিয়া ছড়া চা বাগানের শ্রমিক বিকাল ভূমিজ বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১২০ টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর ছিল। প্রধানমন্ত্রীর ১৭০ টাকা মজুরির ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা কাজে ফিরেছি।”

চা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি বলেন, সাপ্তাহিক ছুটি থাকায় রোববার কম সংখ্যক শ্রমিক কাজে ফিরেছে। সোমবার থেকে জেলার সবকটি চা বাগানে পুরোদমে কাজ শুরু হবে।

বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের নেতা ও ফিনলে টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাহসিন আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌলভীবাজারের ৯২টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে উৎসবমুখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা। তবে যেহেতু রোববার বাগান বন্ধ তাই সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে। বাগান কর্তৃপক্ষ সেই অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।”

মজুরি বাড়ানোর পর প্রধানমন্ত্রী রোববার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এবং শিগগির শ্রমিকদের আগ্রহ অনুযায়ী তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় তিনি আরও বলেন, একই সঙ্গে বাড়তি চা পাতা তোলা, উৎসব বোনাসসহ শ্রমিকদের আনুপাতিক হারে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছেন চা বাগান মালিকরা।

বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: