ভ্রমণকাহিনী: চীনের স্টোন ফরেস্ট ও থিয়ানছুয়ান কেইভ
ছেলেবেলায় সমাজবিজ্ঞান বইয়ে পড়েছিলাম প্রাচীনকালের গুহামানবদের কথা। একটু বড় হয়ে জানলাম ‘আসহাবে কাহাফ’ গুহাবাসীদের কথা। আমাদের নবী (স.) এর প্রতি আল-কুরআনও অবতীর্ন হয় গুহায় ধ্যানমগ্ন অবস্থায়।
গুহা সম্পর্কে জানার ইচ্ছা তাই আমার বরাবরই বেশ ছিল। তবে ছেলেবেলা থেকেই কি এক বিচিত্র কারনে মনের মধ্যে গেঁথে ছিল গুহা মানেই পাহাড়ের গায়ে ছোট কিছু গর্ত যেখানে আশ্রয় নিয়ে কিছু মানুষ বসে থাকতে পারে। গুহাসমূহের ব্যাপ্তি বা বিশালতা সম্পর্কে পড়াশোনা থাকলেও মস্তিষ্ক থেকে ওই চিত্র সরাতে পারিনি। চর্মচোক্ষে কিছু না দেখলে যা হয় আর কি!
সেরকমই একটা ভিন্ন জগত দেখার সু্যোগ হয়েছিল অতি সম্প্রতি। গিয়েছিলাম ‘সিংওয়েন গ্লোবাল জিও-পার্ক’-এ। সেখানে আছে বিশাল এলাকা জুড়ে পাথরের সমাহার (স্টোন ফরেস্ট), আর পাহাড়ের মধ্যে বিশালাকার গুহা (থিয়ানছুয়ান কেইভ)।
অনেক মানুষ এখানে বিশ্রাম নিচ্ছেন। সামনে একটা ফোকরের মতো। আরেকটু এগিয়ে গিয়ে ফোকরের কাছে দাঁড়াতেই উন্মুক্ত হলো বিশাল গুহামুখ। খানিক দূর থেকেও যা কল্পনা করা যায়নি। গুহামুখ থেকে নিচের গভীরতা ১৫-২০ তলা ভবনের সমান তো হবেই। নিচের মানুষগুলোকে পুতুলের মতো মনে হচ্ছিল। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলাম।
আরো গভীরে অজস্র পাথরখণ্ড দাঁড়িয়ে কিংবা ঝুলে থাকতে দেখা গেলো। বিভিন্ন রঙের আলোয় ভেতরটা আলোকিত করা। কৃত্রিম আলোয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পাথরগুলো শিশুতোষ গল্পে পড়া পরীরাজ্যের কথাই মনে করায়। সুবিশাল এই গুহার মধ্যে কত খানা-খন্দ, উঁচুনিচু, কোথাও মেঝে থেকে অনেক উপরে উঠে গেছে বিশালাকার পাথরে স্তম্ভ।
আমার বারবার মনে হচ্ছিল, গুহার দেয়ালের অন্ধকার কোটরে বসে অজস্র গুহামানব জ্বলজ্বলে চোখে আমাদের তাকিয়ে দেখছে। তারা ফিসফিস করে কথা বলছ। ‘ওহে মানুষ। সভ্য মানুষ। তোমাদের কাছে আমরা অসভ্য! এই গুহা ছিল আমাদের বাড়ি, ঘর, সমাজ, রাষ্ট্র। আমরা দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করতাম, বাইরে বের হতাম জীবিকার জন্য। দলবেঁধে শিকার করতাম। একসঙ্গে খেতাম। নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করতাম। এই ঘর বা সমাজ বা রাষ্ট্রে আমরা সবাই সমান ছিলাম। আমাদের পরের প্রজন্মগুলো নাকি ধীরে ধীরে সভ্য হলো, গুহা থেকে বেরিয়ে জগতে ছড়িয়ে পড়লো। তারা বিশাল পৃথিবী নিজের করে নিলো। রাষ্ট্রের সীমানা নির্ধারিত হলো। মানুষের মধ্যে উঁচুনিচু ভেদাভেদ সৃষ্টি হলো, সমাজে ধনী-গরিব তৈরি হলো। শোষক-শোষিত বিভাজন হলো। পরস্পরের প্রতি অন্যায় অবিচার, খুন বাড়তে থাকল। আমরা ভাবি, সভ্য কারা! তোমরা আধুনিক মানুষেরা, নাকি আমরা গুহামানবেরা! ’
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইলঃ asadkhanbmj@yahoo.com
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
