শীতার্ত মানুষের দরকার আমাদের সহমর্মিতা
শীত বেশ জাঁকিয়ে বসতে যাচ্ছে। তবে শীতের এলাকার তুলনায় এই লুঝৌ এর শীত কিছুই নয়, তবুও আমাদের শীত লাগে। এখনকার তাপমাত্রা ৫-১০ ডিগ্রি, কিছুদিন পরে ০-৫ ডিগ্রির মধ্যে থাকবে।
তবে শীতের অনুভুতিটা আরো প্রবল মনে হয় এখানে। কারণ প্রায় নিয়মিত বৃষ্টি আর বাতাস। চীনের উত্তরাঞ্চলে প্রবল শীত পড়ে। যেমন, হারবিন শহরে তাপমাত্রা শূন্যের চেয়েও ৩০ ডিগ্রি নেমে যায়।
যাই হোক আমাদের এখানে ওই রকম প্রবল শীত না পড়লেও শীত বেশ ভোগায়, বিশেষ করে আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশ থেকে যারা এসেছি তাদের। কিন্তু একটা ব্যাপার খুব ভালো লাগে। অপেক্ষাকৃত দরিদ্র চীনাদেরও শীতে কষ্ট পেতে হয়না। এমনকি রাস্তার পাশে যে সামান্য কিছু ভিক্ষুক দেখা যায়, তাদের পরনেও বেশ মোটাসোটা শীত বস্ত্র থাকে।
ভালো লাগার পাশাপাশি এটা বেশ কষ্টও দেয়। আমাদের দেশে এর থেকে অনেক কম শীত পড়ে। শীত থাকেই এক থেকে দেড়মাস। তারমধ্যে ৩-৪ টা শৈত্যপ্রবাহের কারণে হয়ত মোট ৮-১০ দিন তীব্র শীত অনুভুত হয়। অথচ এতেই মারা যায় অনেক মানুষ।
শীতের সময়টাতে ভয়াবহ দুঃখ কষ্টে কাটে লাখো মানুষের দিন। দেশের আনাচেকানাচে ছড়িয়েছিটিয়ে থাকা অজস্র দরিদ্র মানুষ আছে যাদের কপালে সামান্য শীতবস্রটুকুও জোটেনা। যারা ঢাকায় থাকেন, তারাও এর কিছু নিদর্শন দেখতে পাবেন। কোন এক শীতের রাতে কিংবা সকালে আপনি যদি কোন খোলা উদ্যান, কিংবা রেলস্টেশন বা সদরঘাটে যান, দেখতে পাবেন ঘরহীন মানুষের নিদারুন কষ্টকর শীত উদযাপন।
দাদা বলেছিলেন, “কিন্তু দাদা, শীতে বুড়োদের খুব কষ্ট। আর যদি গরীব হয়, তাহলে তো আরো কষ্ট"।
কি নিদারুণ সত্য কথা। শীতপ্রধান দেশের চেয়ে অনেক কম শীত সত্ত্বেও বাংলাদেশের অগণিত মানুষ শীতে অনেক বেশি কষ্ট করে।
সমাজের সামর্থ্যবান মানুষেরা যদি একটু এগিয়ে আসেন, তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং কিছু সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণের কাজ করে থাকেন প্রতিবছর। তবে প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল।
গণমানুষ যদি শীতার্তদের সহায়তায় এগিয়ে আসেন, এবং সাহায্যের যদি সুষম বন্টন হয়, আমাদের সকলের শীতই উপভোগ্য হয়ে উঠবে।
"শীতেরও শিশির ভেজা রাতে, শিশিরে ভেজানো রাতে...,
বস্ত্রবিহীন কোন ক্ষেতমজুরের ভেঙ্গে পড়া কুটিরে-
ধিকিধিকি জ্বলে থাকা, তুষে ঢাকা আগুনের
রক্তিম যেন এক উত্তাপ হই।"
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইলঃ asadkhanbmj@yahoo.com
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
