জাপানের চিঠি: বসন্তকে রাঙিয়ে চলেছে ‘সাকুরা’
ঋতুর পরিবর্তনে প্রকৃতি সাজে বর্ণিল সাজে। শীত প্রধান দেশ জাপান জুড়ে এখন বসন্তের সাজসজ্জা কেবল সাকুরাকে (চেরি ফুল) ঘিরে।
শীতের আড়মোড়া ভেঙ্গে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলে চলে এই সাকুরা উৎসব। বছর ঘুরে এই দিনটির জন্য তাই অপেক্ষাটাও বেশ মধুর হয়ে ওঠে। অক্টোবর-নভেম্বর মাসে যে গাছগুলো বাহারি পাতায় মানবপ্রেমকে জাগ্রত করে প্রকৃতির প্রতি, ঠিক তেমনি বসন্তের শুরুতে নবযৌবনে টগবগিয়ে ওঠে।
সোজা কথায়, ‘সাকুরা’ জাপানি শব্দ হলেও ইংরেজিতে আমরা একে চেরি ফুলই বলি। যদিও চেরি ফল এইসব গাছে ধরে না, এরপরও জাপানিরা চেরি ফলকে সাকুরাম্বো বলেই সম্বোধন করে থাকে।
সাকুরার ‘সা’ শব্দটিকে বলা হয় শস্যের অলৌকিক শক্তি, আত্মা, দেবতা অথবা ঈশ্বর এবং ‘কুরা’কে বলা হচ্ছে ‘আসন’। তাই সাকুরা হচ্ছে ঈশ্বরাত্মার আরোহনের আসন। এমন বিশ্বাস জাপানিদের।
পঞ্চ পাপড়ির এই ফুলটি সমগ্র জাপান জুড়ে হলেও জাপানের বাইরে চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এমনকি হিমালয়ের পাদদেশেও জন্মে। সাকুরার বেশ কিছু প্রজাতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হলো ‘সুমেইশিনো’। এরপর রয়েছে ইয়ামাজাকুরা, ওওইয়ামাজাকুরা, কাসুমিজাকুরা, ওশিমাজাকুরা, মামেজাকুরা, এদোহিগান, চোজিজাকুরা, মিয়াজাকুরা, তাকানেজাকুরা, শিদারেজাকুরা, সোমেয়োশিনো প্রভৃতি।
জাপান প্রবাসী বাঙালি গবেষক প্রবীর বিকাশ সরকারের মতে, সাকুরামাচি তেন্নোউ’ বা ‘সম্রাট সাকুরামাচি’ (১৭২০-৫০)। ‘সাকুরা মাবানমা (১৮৩৫-১৯১৭) ছিলেন নোহ্ থিয়েটারের একজন বিখ্যাত অভিনেতা ও প্রশিক্ষক। ‘সাকুরাই ওসোন’ (১৮৭২-১৯২৯) অনুবাদক, শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ। ‘সাকুরাই জোউজি’ (১৮৫৮-১৯৩৯) জাপানের বিজ্ঞান গবেষণার পথিকৃৎ। ‘সাকুরাদা জিসুকে’ (১৭৩৪-১৮০৬) বিখ্যাত কাবুকি নাট্যকার, ডায়েটের (জাতীয় সংসদ) প্রাক্তন স্পিকার প্রভাবশালী রাজনীতিক ‘সাকুরাউচি য়োশিয়ো’, প্রাক্তন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব বর্তমানে রাজনৈতিক ভাষ্যকার ও লেখিকা ‘সাকুরাই য়োশিকো’।
বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোও এই সময়গুলোতে আয়োজন করে সাকুরা উৎসব। তারা সাকুরা দেখতে দিনভর আয়োজন করে নানা অনুষ্ঠান। রোববার ছুটির দিনটি ছিল সাকুরা দর্শনের উপযুক্ত সময়। কর্মব্যস্ত জাপানিরা তাই এই দিনটিকে সাকুরা দর্শনে জন্য বরাদ্দ রাখে। স্বল্প মেয়াদী এ ফুলটির সমাদর কখনোই কমে না।
আমাদের বিশ্ববিদ্যালয়ে চেরি ব্লসম নামে একটি রাস্তাই রয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের গাছগুলোতে গত সপ্তাহের শুরুর দিকে চেরি ফুল ফুটতে শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ে সীমিত সংখ্যক গাছে ফুল দেখার পর আমাদের তৃপ্তি যেন মেটে না। তাই এবার বের হলাম ওসাকার অন্যতম বৃহত্তম সাকুরা দর্শনীয় স্থান ‘সাকুরানোমিয়া পার্কে’।
রোববার যখন আমরা সাকুরানোমিয়া পার্কে পৌঁছেছি, তখন দুপুর হয়ে গেছে। পার্কে ঢোকার পথে দেখলাম, একদল যুবক নাচের প্রশিক্ষণ দিচ্ছে, আর পাশে কিছু দর্শক তা দেখছে। এর কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেলাম বহু প্রতীক্ষিত সাকুরার সারি সারি গাছ।
সাকুরানোমিয়া পার্কের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট একটি লেক। যে লেকের দুই পাশে শত শত সাকুরা গাছ। ছোট ছোট ইঞ্জিন চালিত বোটগুলোতে মানুষ গিজগিজ করছিল। লেকের স্বচ্ছ জলে সাকুরার প্রতিচ্ছবিও শোভা পাচ্ছিল।
আমরা সবাই দলবেঁধে ঘোরাঘুরি করছিলাম। পোশাকের মধ্যে ছিল পাঞ্জাবি আর মেয়েদের সালোয়ার কামিজ। আমাদেরকে দেখে অনেকটা কৌতুহলের চোখে জাপানি ও অন্যান্য দেশের নাগরিকরা চেয়ে দেখছিল। এমনকি তারা এসে ছবিও তুলছিল। ঠিক যেমন আমাদের দেশে কোনো বিদেশিকে দেখলে লোকজন জিজ্ঞাসু মনে ঘিরে ধরে।
উচ্ছ্বলতার কোনো কমতি ছিল না। দিনভর আড্ডাবাজি আর ঘোরাঘুরি শেষে রাতে ফিরলাম ঘরে। তবে ঘরে ফেরার ইচ্ছাটুকু কিছুতেই হচ্ছিল না, কিন্তু সময়ের পরিক্রমায় তা মানতে হয়েছে।
(এই লেখাটির বেশ কিছু তথ্যের জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি জাপান প্রবাসী লেখক প্রবীর বিকাশ সরকারের প্রতি। তিনি কিছু মৌলিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন)
লেখক: এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি
ইমেইল: nadim.ru@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
